বেশির ভাগ যৌন সংখ্যালঘু এইডসের সেবা পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে যৌন সংখ্যালঘুদের একটি বড় অংশ এইচআইভি/এইডসের সেবা পাচ্ছে না। ব্যবস্থা না নিলে রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের এইডসবিষয়ক সংস্থা ইউএনএইডসের এদেশীয় পরিচালক লিও কেনি এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার মিলনায়তনে ‘দ্য ভয়েস অব সেক্সুয়াল মাইনরিটি পপুলেশন অন মিডিয়া: কনসালটেশন উইথ মিডিয়া স্টলওয়ার্টস’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকের আয়োজক ছিল বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
বৈঠকে হিজড়া, সমকামী ও পুরুষ যৌনকর্মীদের সংবাদমাধ্যমে উপস্থাপন ও তাদের অধিকার নিয়ে আলোচনা হয়। আলোচকেরা বলেন, নারী-পুরুষের বাইরেও পৃথিবীতে বহু মানুষ জন্মায়, যাদের অবয়বের সঙ্গে মানসিকতার মিল নেই। আবার কারও যৌনাঙ্গে অস্বাভাবিকতা রয়েছে। এরা যৌন সংখ্যালঘু।
লিও কেনি বলেন, ১৯৯৫ সাল থেকে সংক্রমণ রোধে নানা কর্মসূচি চালু থাকায় এইচআইভি/এইডস নিয়ন্ত্রণে আছে। তবে যৌন সংখ্যালঘুদের বেশির ভাগ পরীক্ষা-নিরীক্ষার আওতায় না থাকায় ঝুঁকি বাড়ছে। সমকামী ও পুরুষ যৌনকর্মীদের ৭৫ শতাংশ এবং হিজড়া জনগোষ্ঠীর ৫০ শতাংশ এইচআইভি/এইডসের কোনো সেবা পাচ্ছে না। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামগ্রিকভাবে এইচআইভি/এইডস রোগীর সংখ্যা কমছে। কিন্তু বাংলাদেশে ২৫ শতাংশ হারে বাড়ছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম বদরুদ্দোজা সমকামীদের অধিকার প্রসঙ্গে বলেন, সমাজে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের মর্যাদা দিতে হয়। তবে সামাজিক মূল্যবোধ পরিবর্তনশীল। এখন যে ধ্যানধারণা অগ্রহণযোগ্য, সময় পরিক্রমায় তা গ্রহণযোগ্যতা পেতে পারে। কাউকে খেপিয়ে না তুলে সবার অধিকার যেন রক্ষিত হয়, সে ব্যাপারে সোচ্চার হতে হবে।
ইসলাম ধর্মে হিজড়াদের অধিকারের বিষয়টি উল্লেখ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের খতিব ও পেশ ইমাম এ কে এম ফারুক সিদ্দিকী। তিনি বলেন, নারী ও পুরুষ সন্তানের মতোই বাবা-মায়ের সম্পত্তিতে তাদের হিস্যা আছে।
অনুষ্ঠানে গণমাধ্যম গবেষক ইয়াসির আমিন, সাদাকালোর নির্বাহী পরিচালক ও হিজড়া সমাজের প্রতিনিধি অনন্যা বণিক, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারপারসন আনিসুল ইসলামসহ গণমাধ্যমের বেশ কয়েকজন কর্মী বক্তব্য দেন।