সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটির বেশির ভাগ সংশোধনী প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার কমিটির সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে তিনি প্রায় সব সংশোধনী প্রস্তাব নিয়ে সদস্যদের সঙ্গে আলোচনা করেন। কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবনে বৈঠক শুরু হয়ে চলে রাত পৌনে ১১টা পর্যন্ত। বৈঠকে সংসদ উপনেতা ও বিশেষ কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরী, কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ, আবদুল মতিন খসরু, ফজলে রাব্বী মিয়া, হাছান মাহমুদ, শিরীন শারমিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে গত সোমবার রাতে প্রথম দিনের বৈঠকে প্রধানমন্ত্রী সংশোধনী প্রস্তাবগুলো নিয়ে দফাওয়ারি আলোচনা করেন। আজ বুধবার রাত আটটায় প্রধানমন্ত্রীর সঙ্গে কমিটির বৈঠক আবার শুরু হবে।সূত্র জানায়, গতকাল বৈঠকে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে সংসদের কাছে দায়বদ্ধ করার ব্যাপারে কমিটির সদস্যরা একমত। প্রধানমন্ত্রী এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।বৈঠকে সংসদে সংরক্ষিত নারী আসন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।জানতে চাইলে কমিটির সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বৈঠকের আলোচনার বিষয়টি নিশ্চিত করেন।