বেশির ভাগ সড়ক দুর্ঘটনা প্রকারান্তরে হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারেক মাসুদ ও মিশুক মুনীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হলের কাছে সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনায় প্রদীপ জ্বালিয়ে নিহতদের স্মরণ করেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ l প্রথম আলো
তারেক মাসুদ ও মিশুক মুনীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হলের কাছে সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনায় প্রদীপ জ্বালিয়ে নিহতদের স্মরণ করেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ l প্রথম আলো

সড়ক দুর্ঘটনায় মৃত্যু যেন স্বাভাবিক একটা বিষয়। প্রতিদিনই বাংলাদেশের সড়কে মৃত্যুকে আলিঙ্গন করছে দশ-বারোটি তাজা প্রাণ। এই অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সড়ক দুর্ঘটনায় আর একটি প্রাণও অকালে ঝরে যাবে না, এমন আকাঙ্ক্ষার কথাই জানালেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুননাহার হল-সংলগ্ন সড়ক দুর্ঘটনা স্মৃতিস্থাপনা চত্বরে ‘সড়ক নিরাপত্তা সংলাপ ২০১৫’ অনুষ্ঠিত হয়। তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও ব্র্যাক এই সংলাপের আয়োজন করে।
চার বছর আগে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরের মৃত্যু হয়। তাঁদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সংলাপের আয়োজন করা হয়। তাঁদের বহনকারী দুর্ঘটনাকবলিত গাড়িটি দিয়ে স্মৃতিস্থাপনাটি নির্মাণ করা হয়েছে। গত বছর পয়লা সেপ্টেম্বর এটি উদ্বোধন করা হয়।
সংলাপে অংশ নেওয়া ব্যক্তিরা সড়ক দুর্ঘটনা রোধে যথাযথ পরীক্ষার মাধ্যমে চালককে লাইসেন্স প্রদান, নিরাপদ চলাচলের জন্য সড়ক সংস্কার, ডিভাইডার দেওয়ার দাবি জানান। তাঁরা সড়কে চলাচলরত পথচারীদের সাবধানে চলাচলের অনুরোধ জানান। তাঁরা বলেন, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন অদক্ষ চালক, বিচারহীনতাসহ অনেক কারণে তারেক ও মিশুকের মৃত্যুকে দুর্ঘটনা বলা যায় না। প্রকারান্তরে এটাকে হত্যাকাণ্ড বলা যায়। এ দেশের বেশির ভাগ সড়ক দুর্ঘটনাকে এই কাতারেই ফেলতে হবে।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপারসন ও তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ বলেন, বেশি ট্রিপ পেতে চালকেরা গাড়ি চালাতে গিয়ে তাড়াহুড়ো করেন। এ জন্য ট্রিপ অনুযায়ী নয়, চালকদের বেতন মাসিক হিসেবে নির্ধারণ হওয়া উচিত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে যদি আপনি কাউকে খুন করতে চান, তবে সবচেয়ে ভালো উপায় হলো তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা। কারণ এতে আপনার কোনো বিচার হবে না।’
মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলি কাজী বলেন, মহাসড়ক ঘেঁষে হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু প্রশাসন নির্বিকার। এতে দুর্ঘটনা বাড়ছে। তিনি সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তারেক মাসুদ-মিশুক মুনীরের সড়ক দুর্ঘটনাটি একটি সড়ক হত্যাকাণ্ড। তিনি বলেন, অবৈধ লাইসেন্সধারী চালক, ফিটনেসবিহীন গাড়ি, বিচারে দীর্ঘসূত্রতা, পথচারীদের অসচেতনতা এসব কারণেই সড়ক দুর্ঘটনা ঘটছে।
বেসরকারি সংগঠন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, কানে হেডফোন লাগিয়ে অনেক পথচারীকে রাস্তা পার হতে দেখা যায়। মহিলাদের ক্ষেত্রে অনেকেই ওড়না-শাড়ি চাকায় পেঁচিয়ে মারা যাচ্ছেন।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, দুর্ঘটনার জন্য দায়ী চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।
ব্র্যাকের জ্যেষ্ঠ পরিচালক আসিফ সালেহ বলেন, দুর্ঘটনা বলতে বোঝায় যা নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু সড়কে যে দুর্ঘটনাগুলো হচ্ছে তা কি আসলেই সে রকম?