বেশির ভাগ সড়ক খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের ফুলবাড়িয়া সড়ক দীর্ঘদিন ধরে​ সংস্কার হয় না। পিচ, খোয়া উঠে তৈরি হওয়া খানাখন্দে পানি জমেছে। নাপিতখালী এলাকা থেকে গতকাল ছবিটি তুলেছেন জগলুল পাশা
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের ফুলবাড়িয়া সড়ক দীর্ঘদিন ধরে​ সংস্কার হয় না। পিচ, খোয়া উঠে তৈরি হওয়া খানাখন্দে পানি জমেছে। নাপিতখালী এলাকা থেকে গতকাল ছবিটি তুলেছেন জগলুল পাশা

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের বেশির ভাগ সড়কই বেহাল হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী। পৌরসভার পক্ষ থেকে ১০ কিলোমিটার সড়কের সংস্কারকাজ চললেও বাকি ৫৫ কিলোমিটারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

সম্প্রতি শহরের সূর্যকান্ত সড়কে কথা হয় নুরুল ইসলাম নামের এক পৌরবাসীর সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মুক্তাগাছা পৌরসভায় তো এখন আর রাস্তা নেই। আছে কিছু ছোট-বড় “পুকুর”। পৌরবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে সড়কগুলো নতুন করে তৈরি করা উচিত। বছর বছর ইট ফেলে লাভ নেই।’

পৌরসভা সূত্র জানায়, পৌরসভার সড়কের দৈর্ঘ্য প্রায় ৬৫ কিলোমিটার। এর মধ্যে ৪৩ কিলোমিটার পাকা। ২ দশমিক ১০ কিলোমিটার সড়কে শুধু ইট বিছানো। আর ২০ কিলোমিটার কাঁচা। পাকা সড়কগুলো মাঝে মাঝে বিভিন্ন প্রকল্পের আওতায় সংস্কার করা হলেও কাঁচা সড়কগুলো সংস্কারের জন্য কোনো প্রকল্প জোটে না।

গত ২৫ সেপ্টেম্বর মুক্তাগাছা শহরের সূর্যকান্ত সড়ক, কলেজ রোড, সারদা কিশোর সড়ক ও জুগেন্দ্র নারায়ণ সড়ক ঘুরে নুরুল ইসলামের কথার সত্যতা পাওয়া যায়। এসব সড়ক ঘুরে দেখা যায়, সড়কের বেশির ভাগ অংশজুড়েই বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে ভরে আছে এসব গর্ত। এ অবস্থায়ই ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে রিকশা, ভ্যান, ইজিবাইক। গতকাল সোমবার ফুলবাড়িয়া সড়ক ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে খনাখন্দ তৈরি হয়েছে। এসব খানাখন্দে পানি জমে আছে।

নগেন্দ্র নারায়ণ বালিকা বিদ্যালয়ের সামনে কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রতিবছর বর্ষা মৌসুম আসতেই সড়কগুলোতে এ রকম বেহাল অবস্থার সৃষ্টি হয়। মাঝে মাঝে ইটের খোয়া ফেলে মেরামত করা হয়। তবে স্থায়ীভাবে মেরামত করা হয় না।

পৌরসভা সূত্রে আরও জানা যায়, সূর্যকান্ত সড়ক, জুগেন্দ্র নারায়ণ সড়ক, দুর্গা প্রসাদ বল সড়ক, গেন্দী মণ্ডল সড়কসহ মোট ১০ কিলোমিটার সড়ক বেশি বেহাল। এই ১০ কিলোমিটারের সংস্কারকাজ চলছে। এ ছাড়া জগৎ কিশোর সড়ক, প্রতাপ মজুমদার সড়ক, রাজেন মোড় থেকে কেরানি বাড়ি সড়ক, মথুরা বাবু সড়কসহ আরও ১০ কিলোমিটার সড়কের অবস্থাও বেহাল। এগুলো সংস্কারকাজের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।

পৌর মেয়র শহীদুল ইসলাম বলেন, একসঙ্গে প্রায় ২০ কিলোমিটার সড়কের অবস্থা খারাপ হয়ে পড়েছে। ১০ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ চলছে। পর্যায়ক্রমে বাকি ১০ কিলোমিটারের কাজ শুরু হবে। পৌরসভায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) বা কাজের বিনিময়ে টাকার (কাবিটা) মতো প্রকল্প না থাকায় কাঁচা সড়কগুলোতে মাটি ফেলা যাচ্ছে না।