বেশির ভাগ সড়ক বেহাল
পিরোজপুর শহর ও শহর-সংলগ্ন বেশ কয়েকটি সড়ক বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলে এসব সড়কে পানি জমে যায়। এসব সড়ক দিয়ে দিনের আলোতে চলাচল করাই কঠিন। সরেজমিনে দেখা যায়, বড় মসজিদের মোড় থেকে টাউন উচ্চবিদ্যালয়ের মোড়, মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে হোটেল বিলাসের মোড়, বালিকা বিদ্যালয়ের সামনের সড়ক, এলজিইডির পেছনে আ. হাই সড়ক, সাহেবপাড়া সুনিল ডাকুয়ার বাড়ির কাছ থেকে বটতলার মোড়, সিভিল সার্জন অফিসের সামনের সড়ক, আলামকাঠি সড়ক, হোড়েরহাওলা (হোড়েরহাওলা ব্রিজ থেকে দক্ষিণ দিকে যেতে) সড়ক, মাছিমপুর সড়ক (যুব উন্নয়নের সামনের সড়ক), দক্ষিণ মাছিমপুর সড়ক, পূর্ব মাছিমপুর সড়ক, ঝাটকাঠি সিকদার বাড়ি সড়ক, পিরোজপুর বাজারের চুড়িপট্টি সড়কগুলোর খুবই খারাপ অবস্থা।দক্ষিণ মাছিমপুর সড়কের বিটুমিন উঠে গিয়ে খোয়া বেরিয়ে এসেছে। অনেক স্থান খালের দিকে চলে যাচ্ছে। দক্ষিণ মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা আক্তার বলেন, কর্তৃপক্ষের উচিত রাস্তাটি দ্রুত মেরামত করা। পূর্ব মাছিমপুর সড়কে গিয়ে দেখা গেছে, রাস্তাটির বেশির ভাগ অংশই ভেঙে পাশের ভারানি খালে মিশে যাচ্ছে। এলাকার বাসিন্দা এনায়েত হোসেন বলেন, এ রাস্তা দিয়ে রাতে পায়ে হেঁটে চলা তো দূরের কথা, দিনেই চলা দায়। স্থানীয় কাউন্সিলর শাহজাহান হাওলাদার বলেন, রাস্তা খারাপ থাকার কারণে স্থানীয় লোকজনের খারাপ কথা শুনতে হয়।শহরে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবুবক্কর ছিদ্দিক জানান, বালিকা বিদ্যালয়ের সামনের সড়কের পাশে নালা না থাকায় বর্ষায় বিদ্যালয়ে আসতে শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। হোড়েরহাওলা এলাকার বাসিন্দা মারুফ খান বলেন, ‘রাস্তা দিয়ে চলতে গেলে মনে হয় আমরা কোনো অজপাড়াগাঁয়ের বাসিন্দা।’ রিকশাচালক আমির হোসেন জানান, পৌর এলাকার এসব সড়কে রিকশা চালাতে গেলে রিকশা ক্ষতিগ্রস্ত হয়।পিরোজপুর পৌরসভার প্রকৌশলী অমল চন্দ্র জানান, শহরের বালিকা বিদ্যালয়ের সামনের সড়কটির মালিক সড়ক বিভাগ। বালিকা বিদ্যালয়ের সামনে একটি নালা নির্মাণের জন্য সড়ক বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। কাউন্সিলররা বিভিন্ন সড়কের দুরবস্থার কথা জানিয়েছেন। তহবিল না থাকায় মেরামতের কাজ হাতে নেওয়া যাচ্ছে না।