বেশির ভাগ সড়ক ভাঙাচোরা, দুর্ভোগে শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পিচ–খোয়া উঠে সড়ক বেহাল হয়ে পড়েছে। ছবিটি গত বুধবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
পিচ–খোয়া উঠে সড়ক বেহাল হয়ে পড়েছে। ছবিটি গত বুধবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগর বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

প্রায় সাত বছর ধরে হবিগঞ্জ পৌরসভায় সড়ক সংস্কার হয়নি। এতে শহরের বিভিন্ন সড়কের পিচ ও খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক গর্তের। অনেক এলাকার রাস্তা এত খারাপ যে সেখানে রিকশাচালক যেতে চান না। হেঁটে চলাও কষ্টকর। ফলে দীর্ঘদিন ধরে ভোগান্তির মধ্যে রয়েছেন শহরবাসী।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার অধীন মোট ১১৯ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ৬৪ কিলোমিটার পাকা, ইট বিছানো (সলিং) ৩২ কিলোমিটার। বাকিটা এখনো কাঁচা রয়েছে। এসব সড়ক প্রায় সাত বছর ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবে কিছু সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েকটির দরপত্র আহ্বান করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পৌরসভার অন্যতম পিটি আই সড়ক, ঘাটিয়া বাজার, চৌধুরী বাজার, কালিবাড়ি ক্রস রোড, বগলা বাজার, গরুর বাজার, নোয়াবাদ ও ছিরাকান্দি সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। সড়কের অনেক স্থান ভাঙাচোরা। পিচ নেই, খোয়া উঠে গেছে। এদিকে শ্মশান ঘাটের মোড় থেকে বৃন্দাবন কলেজ ছাত্রাবাস পর্যন্ত, সিনেমা হল সড়ক ও ইনাতাবাদ আবাসিক এলাকায় সড়ক সংস্কারের জন্য পিচ ওঠানো হয়েছে, ফেলা হয়েছে ইট-সুরকি। এতে সড়ক আরও খারাপ হয়ে পড়েছে। এসব সড়ক দিয়ে যানবান চলাচল করছে কম। অনেকেই বিকল্প সড়ক ব্যবহার করছেন।
শহরের উত্তর শ্যামলীর বাসিন্দা আইয়ুব আলী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ। অনেক স্থানে রাস্তা ভেঙে গেছে। বৃষ্টি হলে পানি জমে থাকে। শুষ্ক মৌসুমে ধুলা ওড়ে। পথচারীরাও ঠিকমতো চলাচল করতে পারছে না। পিটিআই সড়কের বাসিন্দা রুবেল চৌধুরী বলেন, শহরের এই ব্যস্ত সড়ক সংস্কারের নামে পিচ উঠিয়ে ইট-সুরকি ফেলে রাখা হয়েছে ছয়-সাত মাস ধরে। এতে গর্ত হয়ে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এ সড়ক দিয়ে রিকশা বা অন্য যানবাহন আসতে চায় না। এতে শহরের প্রধান সড়কে চাপ বাড়ছে।
বগলা বাজার-ঘাটিয়া বাজার এলাকায় নিয়মিত রিকশা চালান রফিক মিয়া। তিনি বলেন, ভাঙাচোরা রাস্তার কারণে এমন কোনো দিন নেই যে ছোটখাটো দুর্ঘটনা ঘটে না। রিকশা বা ব্যাটারিচালিত রিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে।
পৌরসভার প্রকৌশলী দিলীপ কুমার দত্ত বলেন, এ পর্যন্ত ২৫-২৬টি সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ৮-১০টি সড়কে কাজ শুরু হয়েছে। বাকিগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
শহরবাসীর ভোগান্তির কথা স্বীকার করে পৌরসভার মেয়র দিলীপ দাস বলেন, যেসব সড়কের কার্যাদেশ দেওয়া হয়েছে, ঠিকাদারের গাফিলতির কারণে সংস্কার দেরি হচ্ছে। বিশেষ করে পিটিআই সড়কের কাজে বিলম্ব হওয়ার বিষয়ে ঠিকাদারের সঙ্গে তিনি কথা বলেছেন। বাকি কাজের দরপত্র আগামী এক মাসের মধ্যে আহ্বান করা হবে। পিটিআই সড়ক ও ঘাটিয়া বাজার সড়ক দ্রুত সংস্কার করা হবে। এতে শহরের যানজট অনেকাংশে দূর হবে।