গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশে কমিউনিটি ক্লিনিক গড়ে তোলে সরকার। এ লক্ষ্যে এসব ক্লিনিকে জনবলও বাড়ানো হয়েছে। তবে তা কোনো কাজে আসছে না। অধিকাংশ সময়ই এসব ক্লিনিক বন্ধ থাকছে বলে অভিযোগ। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় লোকজন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:লোকশূন্য খুলনার ডুমুরিয়া উপজেলার চিংড়া কমিউনিটি ক্লিনিক: গতকাল বুধবার সকাল সাড়ে নয়টা। চিংড়া কমিউনিটি ক্লিনিকে সরেজমিনে সব মিলিয়ে একজনকে পাওয়া যায়। তিনি নতুন নিয়োগ পাওয়া কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ইলুয়ারা খাতুন। বাকি সবাই অনুপস্থিত। সেবাপ্রার্থী একজনকেও পাওয়া যায়নি। ক্লিনিকে কেউ না থাকার কারণ জানতে চাইলে ইলুয়ারা বলেন, স্বাস্থ্য সহকারী সেলিনা খাতুন ছুটিতে। পরিবারকল্যাণ সহকারীর আজ (বুধবার) আসার কথা নয়। আর পরিবারকল্যাণ সহকারী রহিমা বেগম সপ্তাহের তিন দিন (সোম, বুধ ও বৃহস্পতিবার) পরিবার পরিকল্পনার সামগ্রী বিতরণ করেন। তবে আজও (বুধবার) হয়তো তিনি বাইরে বিতরণে ব্যস্ত আছেন। ক্লিনিকে কোনো রোগী না থাকার বিষয়ে ইলুয়ারা বলেন, শনি, রবি ও মঙ্গলবার সাধারণত ওষুধ দেওয়া হয়। তাই শুধু ওই দিনগুলোতে লোকজন আসে।ইলুয়ারা দাবি করেন, ক্লিনিকের সবকিছু ঠিকঠাক চলছে। তবে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে উল্টো চিত্র পাওয়া গেছে।চিংড়া গ্রামের বাসিন্দা রহমান গোলদার বলেন, ‘ওরা (সেবাদাতারা) সব সময় থাকে না। মাঝেমধ্যে ওদের আসতে দেখি। কিন্তু কোনো লোকজন (সেবাগ্রহীতা) দেখি না।’গ্রামের কমল দেবনাথ অভিযোগ করে বলেন, ‘আসলে ওরা নামেমাত্র থাকে। তেমন একটা ওষুধপাতি দেয় না।’ওই কমিউনিটি ক্লিনিকের সভাপতি মাহাবুব গোলদার বলেন, ‘অনেক আশা নিয়ে ক্লিনিক গড়তে জমি দিয়েছিলাম। আসলে তেমন একটা কাজে আসেনি।’শোভনা ইউনিয়নের চেয়ারম্যান সরদার আবদুল গণি বলেন, ‘শুনিছি দুই-তিন দিন ওষুধ দেয়। তবে এখন ভালো করে খোঁজ নেব।’ মহেশখালীতে কমিউনিটি ক্লিনিকে যাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা: কক্সবাজারের মহেশখালী উপজেলায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে মোট ২৯টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকে গত বছরের ২০ অক্টোবর সিএইচসিপি নিয়োগ দেওয়া হয়। তবে গত ২৭ মার্চ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের তিন মাসের প্রশিক্ষণ শুরু হয়েছে ফলে বর্তমানে তাঁদের স্থলে সপ্তাহে তিন দিন স্থানীয় স্বাস্থ্য সহকারীদের দায়িত্ব পালনের কথা। তবে তাঁরা ক্লিনিকে যাচ্ছেন না।গতকাল বুধবার সকাল ১০টায় সরেজমিনে উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়াপাড়া কমিউনিটি ক্লিনিক বন্ধ পাওয়া যায়। ক্লিনিকের সামনে লেখা আছে, স্বাস্থ্য সহকারী রবি, বুধ ও বৃহস্পতিবার দায়িত্ব পালন করবেন। তবে গতকাল বুধবার হওয়া সত্ত্বেও স্বাস্থ্যকর্মী ক্লিনিকে আসেননি।সেবা নিতে আসা বৃদ্ধ আজারা খাতুন (৭০) বলেন, ‘কয়েক দিন ধরে জ্বরে ভুগছি। বাইরে গিয়ে চিকিৎসা করানোর সাধ্য নেই। তাই এখানে এসেছি। কিন্তু ক্লিনিক বন্ধ থাকায় ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছি।’ একই অভিযোগ বৃদ্ধ রশিদ আহমদের (৭০)। তিনি বলেন, ‘ব্যথার ওষুধের জন্য গিয়েছিলাম। ক্লিনিক বন্ধ থাকায় ওষুধ পাইনি।’ তবে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী নুরুল আলম মুঠোফোনে দাবি করেন, সকালে ক্লিনিক খোলা হয়েছিল। আর্সেনিকের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি গিয়ে জরিপকাজ চালাতে হওয়ায় পরে বন্ধ করে দেওয়া হয়। ইউনিয়নের পশ্চিমপাড়া কমিউনিটি ক্লিনিকে গিয়েও একই দৃশ্য চোখে পড়ে। সেখানে কয়েকজন রোগীকে ক্লিনিকের সামনে বসে থাকতে দেখা যায়। এই ক্লিনিকের জন্য জমিদাতা নুরুল ইসলাম বলেন, গত ১৫ দিনেও ক্লিনিকে স্বাস্থ্য সহকারীকে দেখা যায়নি।তবে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী খালেদ মামুর মুঠোফোনে দাবি করেন, মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে আর্সেনিক জরিপের কাজ করতে হচ্ছে। এ কারণে ক্লিনিকে বসার সময় হচ্ছে না।