বেসমেন্ট থেকে ব্যবসায়ী উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ফুয়াদ মোহাম্মদ শাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজধানীর আদাবর থানার পুলিশ। সোহেল রহমান নামে অপহৃত ওই পোশাক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে ধানমন্ডির নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভূগর্ভস্থ তলা থেকে।
আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম জানান, শনিবার দুপুরে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকা থেকে ব্যবসায়ী সোহেলকে অপহরণ করা হয়। এরপর সোহেলের মুঠোফোন থেকে ফোন করে তাঁর স্বজনদের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। বিষয়টি রাতে তাঁর স্বজনেরা থানায় জানান। ফোনে অপহরণকারীদের সঙ্গে মুক্তিপণের টাকা কমাতে দর-কষাকষিও করেন স্বজনেরা।
এসআই মাইদুল বলেন, প্রযুক্তি ব্যবহার করে দেখা যায়, ধানমন্ডিতে ব্যবসায়ী সোহেলের ফোনটি ব্যবহৃত হচ্ছে। রাতভর অভিযানের পরে গতকাল ভোর সাড়ে চারটার দিকে নর্দান হাসপাতালের বেসমেন্ট থেকে সোহেলকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সোহেলের রক্তমাখা জামা ও নির্যাতনে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। সেখান থেকে ফুয়াদ মোহাম্মদ শাহকে আটক করা হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ফুয়াদ অপহরণের বিষয় অস্বীকার করেছেন। সোহেলকে কীভাবে হাসপাতালের বেসমেন্টে নেওয়া হলো, সে বিষয়ে সেখানকার নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।