বেসরকারি অপারেটরদেরও থ্রিজি প্রযুক্তি দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সরকার শিগগিরই বেসরকারি মুঠোফোন অপারেটরদের তৃতীয় প্রজন্মের প্রযুক্তি (থ্রিজি) সুবিধা দেওয়ার চিন্তা করছে।গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী ‘সাউথ এশিয়ান ক্যারিয়ার মিট-২০১২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।দুই দিনের এ আন্তর্জাতিক সম্মেলনে একাধিক পরিকল্পনা অধিবেশনে টেলিযোগাযোগ খাতের সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে বিভিন্ন নিবন্ধ উপস্থাপন করা হবে। উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় অংশ নেবেন এই খাতের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। সাহারা খাতুন অনুষ্ঠানে আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে ওয়াইম্যাক্সসহ অন্যান্য সুবিধা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য সহজলভ্য করা হয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় তথ্যপ্রযুক্তির সব ধরনের সুবিধা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে সব ধরনের সুবিধা দেওয়া হবে, কিন্তু তাঁরা কোনো ধরনের অবৈধ কাজে জড়িত থাকলে কঠোর শাস্তিও দেওয়া হবে। দক্ষিণ এশিয়ায় টেলিযোগাযোগ ক্যারিয়ার বিষয়ে প্রথম এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের টেলিকম ক্যারিয়ার প্রতিষ্ঠান, সাব সি ও টেরিস্ট্রেরিয়াল কেব্ল অপারেটর, তথ্য-উপাত্ত সেবাদাতা, কো-লোকেশন প্রোভাইডার, অ্যাপ্লিকেশন ও সার্ভিস ডেভেলপার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় আড়াই শ প্রতিনিধি অংশ নিচ্ছেন। তাঁরা এসেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় ২৫টি দেশ থেকে। উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড এর আয়োজন করেছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইন্ডমিলের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম রিয়াজ উদ্দিন মোশাররফ। এতে আরও বক্তব্য দেন সাউথ এশিয়ান ক্যারিয়ারস মিটের যুগ্ম আহ্বায়ক এবং উইন্ডমিলের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেটওয়ে লিমিটেডের শফিউল হক, সেল টেলিকমের কফিল মূয়ীদ, সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী, ব্রিটিশ টেলিকমের মার্ক অ্যামোস, পাকিস্তানের মাল্টিনেটের প্রধান সিস্টেম কর্মকর্তা রশিদ সাফি প্রমুখ।