বেসরকারি ও সূত্রে পাওয়া তথ্যে আ.লীগ প্রার্থী খালেক বিজয়ের দ্বারপ্রান্তে

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জুকে ভোটের ব্যবধানে অনেকটা ছাড়িয়ে গেছেন। রাত সোয়া নয়টা পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কেন্দ্রভিত্তিক ভোটের প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।
তা ছাড়া রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল থেকে দেখা যাচ্ছে, নৌকা প্রতীক নিয়ে তালুকদার আবদুল খালেক ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে ব্যবধান বাড়িয়ে চলছেন।
বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের আইনগত কোনো ভিত্তি নেই। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলই চূড়ান্ত। রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এরপর ফল পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
সোয়া নয়টা পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে ২৬৮টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এতে দেখা গেছে, এসব কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে খালেক পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬২০ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ ভোট। ভোটের ব্যবধান ৬৩ হাজার ৪০৬।
একই সময়ে রিটার্নিং কর্মকর্তা ১০১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। এতে নৌকা প্রতীক পেয়েছে ৫৬ হাজার ৭২৯ ভোট। আর ধানের শীষ প্রতীক পেয়েছে ৩৫ হাজার ৩২৫ ভোট।
খুলনা সিটি নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী নির্বাচন করছেন।
খুলনায় মোট ভোটকেন্দ্র ২৮৯টি। এর মধ্যে অনিয়মের কারণে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।