বেসরকারি ক্লিনিকের বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে সরকার অনুমোদিত বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রের বর্জ্য নষ্ট ও শোধন ছাড়াই ফেলা হচ্ছে যত্রতত্র। নিয়ম অনুযায়ী নিবন্ধন বা অনুমোদন পেতে হলে এদের পরিবেশ ছাড়পত্র থাকা বাধ্যতামূলক।কিন্তু বর্জ্য নষ্ট ও শোধনের ব্যবস্থা না থাকায় এসব প্রতিষ্ঠানকে পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়নি। পরিবেশ অধিদপ্তর বলছে, একেকটি ক্লিনিক একেকটি ইটভাটার সমগোত্রীয় পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান। সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে নগরে অনুমোদিত ৪৫টি ক্লিনিক ও হাসপাতাল এবং ৪১টি রোগনির্ণয় কেন্দ্র রয়েছে। নগরের বাইরে নয়টি উপজেলায় রয়েছে ২১টি ক্লিনিক ও ১৯টি রোগনির্ণয় কেন্দ্র। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে এ ধরনের প্রতিষ্ঠান থেকে ১১ ধরনের বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে ভয়ানক হচ্ছে সংক্রামক বর্জ্য। যেমন রক্ত, পুঁজ, দেহরস দ্বারা সংক্রমিত গজ, ব্যান্ডেজ, তুলা, স্পঞ্জ, সোয়াব, মব, প্লাস্টার, ক্যাথিটার, ড্রেনেজ টিউব, রক্ত সঞ্চালনের ব্যাগ/ টিউব, রক্ত দ্বারা সংক্রমিত স্যালাইন সেট, জমাট বাঁধা রক্ত বা দেহরস, ডায়রিয়া রোগির সংক্রমিত কাপড়চোপড়, সংক্রমিত সিরিঞ্জ ইত্যাদি।একই ধরনের ভয়াবহ অ্যানাটমিক্যাল বর্জ্য—মানবদেহের কেটে ফেলা অঙ্গপ্রত্যঙ্গ, টিস্যু, টিউমার, গর্ভফুল বা গর্ভসংক্রান্ত বর্জ্য। তেজস্ক্রিয় বর্জ্যের মধ্যে রয়েছে রেডিওঅ্যাকটিভ আইসোটোপ, তেজস্ক্রিয় বস্তু দ্বারা সংক্রমিত বর্জ্য, অব্যবহূত এক্স-রে মেশিনের হেড ইত্যাদি।এসব বর্জ্য নিয়ম অনুযায়ী বিশেষভাবে সংরক্ষণ করে ইনসাইনেরেটরে বিনষ্ট ও শোধন করতে হবে। সম্প্রতি নগরের খিরসিনটিকর এলাকায় সিটি করপোরেশনের ভাগাড়ে গিয়ে দেখা গেছে একদল শিশু চিকিৎসা-বর্জ্য কুড়াচ্ছে। এ ছাড়া নগরের বিভিন্ন এলাকায় ভাগাড় থেকে রক্তযুক্ত স্যালাইন সেট ধুয়ে নিয়ে যেতে দেখা যায়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, রাজশাহীতে অনেক ক্লিনিক রাস্তার পাশের ডাস্টবিনে এই বর্জ্য ফেলছে। এতে সরাসরি পথচারীরা আক্রান্ত হতে পারে। আবার এখান থেকে ভাগাড়ে ফেলা হচ্ছে। সেখানে রোদে শুকিয়ে বাতাসে মিশে রোগ ছাড়াচ্ছে। বৃষ্টির পানির সঙ্গে মাটিতে মিশে মাটি ও ভূগর্ভস্থ পানিতে দূষণ ছড়াচ্ছে। এতে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।সিভিল সার্জন শহিদুল ইসলাম বলেন, তাঁরা শুধু চিকিৎসাবিষয়ক প্রয়োজনীয় জিনিসপত্র আছে কি না, সেটা দেখেন। বর্জ্য বিনষ্ট বা শোধনের জন্য প্ল্যান্টের প্রয়োজন। সেটা তো একটা ছোট ক্লিনিকের পক্ষে করা সম্ভব নয়।সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক আরিফুল হক বলেন, অধিকাংশ ক্লিনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনসাইনেরেটরে (চিকিৎসা-বর্জ্য বিনষ্ট করার চুল্লি) বর্জ্য নষ্ট করে। আর না হলে সিটি করপোরেশনের ভাগাড়ে ফেলা হয়। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, নিজেদের হাসপাতালের বর্জ্য শোধন নিয়েই তাঁরা হিমশিম খাচ্ছেন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আশরাফ উজ জামান বলেন, ইনসাইনেরেটর কোথাও নেই। বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা না থাকলে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দেয় না। তাহলে কীভাবে এগুলো অনুমোদন দেওয়া হয়েছে—জানতে চাইলে তিনি বলেন, সিভিল সার্জনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত দল তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। তার পরিপ্রেক্ষিতে তিনি সুপারিশ করেন। তার ভিত্তিতে মহাপরিচালক (স্বাস্থ্য) বেসরকারি ক্লিনিকগুলোর নিবন্ধন দিয়ে থাকেন। তিনি বলেন, তিনি খোঁজ নিয়ে দেখবেন, কীভাবে প্রতিবেদনগুলো পাঠানো হয়েছে।পরিবেশ অধিদপ্তর রাজশাহীর ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান বলেন, পরিবেশ ছাড়পত্র না থাকলে আইন অনুযায়ী বেসরকারি ক্লিনিক, হাসপাতাল বা প্যাথলজির অনুমোদন পাওয়ার কথা নয়। এই অব্যবস্থাপনার জন্য অন্যূন দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অন্যূন এক লাখ টাকা জরিমানা বা অনধিক পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। তিনি বলেন, এখন যেহেতু কারোরই ব্যবস্থা নেই এবং বিষয়টিও ব্যয়বহুল, সে জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে, তারা যেন যৌথভাবে ইনসাইনেরেটর তৈরি করে।বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি এস এম এ মান্নান বলেন, তাঁদের পদে পদে টাকা দিতে হয়। আবার ইনসাইনেরেটর যদি তাঁদেরই করতে হয়, তাহলে সিটি করপোরেশন কী করবে?