ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
বেসরকারি খাত বিকাশে সরকার সহায়তা দিয়ে যাবে: প্রধানমন্ত্রী

বেসরকারি খাতকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি আখ্যায়িত করে এ খাতের উন্নয়ন ও বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বেসরকারি খাতের উন্নয়নে আর্থিক, নীতিনির্ধারণ ও ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে আমাদের সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সকালে রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে আয়োজিত ‘নিউ ইকোনমিক থিংকিং: বাংলাদেশ ২০৩০ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেইন খালেদ ও সিনিয়র সহসভাপতি হুমায়ুন রশিদ, সিঙ্গাপুর ইনভেস্টমেন্ট করপোরেশনের গ্রুপ প্রেসিডেন্ট লিম জিয়ন গুয়ান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে ‘দ্য ইলাস্ট্রিয়াস সান অব ঢাকা’ পুরস্কারে ভূষিত করা হয়।
বিদেশি বিনিয়োগ আনতে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশজুড়ে আমরা এক শ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগ হবে। শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে।’
শেখ হাসিনা বলেন, ২০২১ সালে আইটি খাতে ১০ লাখ লোকের কর্মসংস্থান এবং এ খাত থেকে পাঁচ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করার লক্ষ্যমাত্রা নিয়ে কালিয়াকৈরে ৩৫৫ একর জমির ওপর পিপিপির ভিত্তিতে হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে অসাধারণ সাফল্য অর্জন করেছে। একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সুনির্দিষ্ট লক্ষ্যগুলো ২০৩০ সালের মধ্যেই অর্জন করে বাংলাদেশ বিশ্বব্যাপী এসডিজি বাস্তবায়নেও রোল মডেল হিসেবে পরিচিত হবে।’
শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, ২০৪১ সালে আমাদের অর্থনীতি এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। স্থানীয় সাপ্লাই চেইন ও গ্লোবাল ভ্যালু চেইন আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক যোগাযোগ ও সংযোগ সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ২০৩০ সাল নাগাদ এসডিজির লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক ও প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সহযোগিতার সম্পর্ক উন্নয়ন জরুরি।
এসডিজি ২০৩০ ও পরবর্তী ২০৪১ সাল নাগাদ একটি উন্নত বাংলাদেশ গড়ার কৌশল নির্ধারণে আন্তর্জাতিক এই সম্মেলন আয়োজনের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অংশগ্রহণমূলক উন্নয়নের ধারায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে একটি দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করবে। এ লক্ষ্য পূরণে বিনিয়োগ সম্ভাবনা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসার পরিবেশ উন্নয়ন, কস্ট অব ডুয়িং বিজনেস হ্রাসকরণ ও অগ্রাধিকারমূলক শিল্পে বর্তমান সরকারের নৈতিক ও আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে।
রুশনারা আলীর সাক্ষাৎ: গণভবনে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী। এ সময় ঢাকা-লন্ডনের মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে রুশনারা আলী প্রধানমন্ত্রীকে বলেন, এ বিষয়ে তিনি যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন। ‘নিরাপত্তাঝুঁকি’র কথা উল্লেখ করে গত ৮ মার্চ ঢাকা-লন্ডন সরাসরি কার্গো ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় যুক্তরাজ্য।
প্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।