প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার জনগণের অধিক সেবা নিশ্চিত করতে দেশের বেসরকারি খাতকে উৎসাহ দিচ্ছে। বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হাওয়ার্ড শ্যাফার ও তাঁর পত্নী টেনিসিতা শ্যাফার গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসা করতে চাই না, বরং জনগণের অধিক সেবা নিশ্চিত ও দেশের ব্যবসা-বাণিজ্য জোরদার করতে কাজ করতে চাই।’শেখ হাসিনা বলেন, সরকার ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করায় বাংলাদেশ গত চার বছরে ছয় ভাগ প্রবৃদ্ধি বজায় রেখেছে। এ সময় দেশের আর্থসামাজিক খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হওয়ায় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ৮৫০ মার্কিন ডলারে।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করাসহ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে। এ ছাড়া জাতীয় সংসদের উপনির্বাচনসহ সাড়ে পাঁচ হাজার স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৪-১৯৮৭ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন হাওয়ার্ড শ্যাফার। তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ সর্বক্ষেত্রে ব্যাপক অগ্রগতি লাভ করেছে।