বেসরকারি খাতে যুক্ত হলো শক্তিশালী টাগবোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনাকবলিত বড় আকারের জাহাজ উদ্ধারসহ নানা কাজে ব্যবহারের জন্য শক্তিশালী টাগবোট এনেছে বেসরকারি প্রতিষ্ঠান প্রান্তিক গ্রুপ। গতকাল বুধবার সিঙ্গাপুর থেকে ‘এএসএল অ্যামবার’ নামের টাগবোটটি বন্দর জলসীমায় এসে পৌঁছায়।
সিঙ্গাপুরের পতাকাবাহী টাগবোটটি বহুমুখী কাজে ব্যবহার করা যাবে। ডুবোচরে আটকে গেলে সমুদ্রগামী জাহাজ টেনে নিরাপদ স্থানে নেওয়া, জাহাজে আগুন লাগলে তা নেভানোর ব্যবস্থা করা, এলএনজি টার্মিনাল বা গ্যাসক্ষেত্রসহ তেল-গ্যাস অনুসন্ধানে সাহায্যকারী জলযান হিসেবে এটি ব্যবহার করা যাবে।
বন্দর জলসীমায় দুর্ঘটনায় পড়ে বিকল হয়ে যাওয়া সমুদ্রগামী জাহাজ উদ্ধার করে টেনে নেওয়ার মতো কোনো জলযান নেই দেশে। সম্প্রতি ‘ইউনি প্রুডেন্ট’ নামের একটি কনটেইনারবাহী জাহাজ বিকল হয়ে গেলে সিঙ্গাপুর থেকে সাহায্যকারী জলযান আনা হয়।
প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সরওয়ার প্রথম আলোকে বলেন, এখন কনটেইনারবাহী কোনো জাহাজ বিকল হলেও এই জাহাজটি দিয়ে টেনে নেওয়া যাবে। মিয়ানমার থেকে চেন্নাই পর্যন্ত সমুদ্র তীরবর্তী এলাকায় কোনো দুর্ঘটনা হলে এই জলযানটি দিয়ে সেবা দেওয়া যাবে।
প্রান্তিক গ্রুপ জানায়, ৪ হাজার ৭৫০ অশ্বশক্তির এ জলযানটি ৫০ হাজার টন ধারণক্ষমতার জাহাজ টেনে নিতে সক্ষম। ২০০৭ সালে সিঙ্গাপুরে নিবন্ধিত এ জলযানটি ৪৮ মিটার লম্বা। এতে উদ্ধারকাজ ও অগ্নিনির্বাপণের সরঞ্জাম রয়েছে। জাহাজটির ওজন ৯৭৭ টন।
এই জলযানটি ছাড়া বেসরকারি খাতে সর্বোচ্চ ২ হাজার ৪০০ অশ্বশক্তির সাহায্যকারী জলযান রয়েছে। এটিও প্রান্তিক গ্রুপের বহরে রয়েছে।