বেসরকারি গ্রন্থাগারগুলোকে এমপিওভুক্ত করার দাবি
দেশের গ্রন্থাগার আন্দোলনকে বেগবান করতে বেসরকারি গ্রন্থাগারগুলোকে এমপিওভুক্ত করার দাবি উঠেছে। ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে বেসরকারি গ্রন্থাগারের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় গ্রন্থসুহৃদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
গতকাল শুক্রবার রাজধানীর বাড্ডার বেরাইদ মুসলিম হাইস্কুল মাঠে বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতির (বাগসুস) উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে সারা দেশের দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন। বাগসুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সম্মেলনে বাগসুসের সভাপতি এমদাদ হোসেন ভূঁইয়া বেসরকারি পাঠাগারগুলোর মান ও পাঠকসংখ্যা বাড়ানোর জন্য তিন দফা দাবি জানান। এর মধ্যে রয়েছে নিবন্ধিত বেসরকারি পাঠাগারগুলোর এমপিওভুক্তকরণ, অনুদানের অর্থ ও বই পাওয়ার ক্ষেত্রে দুর্ভোগ কমানোর জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা এবং অনুদান কমিটিতে গ্রন্থসুহৃদ সমিতির প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বেসরকারি গ্রন্থাগারগুলো কাজে লাগানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি শিশুসাহিত্যিক রফিকুল হক বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য নাগরিক হিসেবে শিশুদের হাতে বই তুলে দিতে হবে।
এ কাজে সরকারি গ্রন্থাগারগুলোর মতো বেসরকারি গ্রন্থাগারগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। আরও উপস্থিত ছিলেন বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বেরাইদ মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক মির্জা লুৎফর রহমান প্রমুখ।
সম্মেলনের পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে মুসলিম হাইস্কুল মাঠে দুই দিনব্যাপী এক বইমেলার আয়োজন করা হয়।
বেরাইদ গ্রন্থসুহৃদ সমিতির যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে। পরে জাতীয় পর্যায়ে কাজ করার জন্য এটিকে বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি নামে নিবন্ধন করা হয়। বিজ্ঞপ্তি।