বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের ওপর নজরদারি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ গোটা দেশের বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয়কেন্দ্রগুলোর ওপর স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের কার্যত কোনো নজরদারি নেই। গত এক বছরে মাত্র ২০টি ক্লিনিক পরিদর্শন করেছে অধিদপ্তর।
ঢাকা শহরের বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয়কেন্দ্রের তথ্য সংগ্রহের জন্য গত বৃহস্পতিবার এই প্রতিবেদক স্বাস্থ্য অধিদপ্তরে যান। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, গত এক বছরে ২০টি ক্লিনিক তাঁরা পরিদর্শন করেছেন। আইন না মেনে ক্লিনিক পরিচালনার জন্য সাতটির মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন তাঁরা।
সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরীর চিকিৎসায় অবহেলার অভিযোগ তদন্তে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানতে পারে রাজধানীর পান্থপথের বেসরকারি মোহনা হাসপাতাল সরকারের অনুমোদন ছাড়াই চলছে। ২৩০ চিকিৎসক এই হাসপাতালের মালিক। মোহনা হাসপাতালের ঘটনা জানাজানির পর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক ও রোগনির্ণয়কেন্দ্রগুলোর বিরুদ্ধে অভিযান চলবে, মালিক যে-ই হোক না কেন।
অধিদপ্তর সূত্র বলছে, রাজধানী ঢাকায় অনুমোদিত বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের সংখ্যা এক হাজার ৬৫১টি। গোটা দেশে বেসরকারি ক্লিনিকের সংখ্যা চার হাজার ৬৫টি এবং রোগনির্ণয়কেন্দ্রের সংখ্যা আট হাজার ৬২১টি।
দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস (রেজিঃ) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুযায়ী ক্লিনিক ও রোগনির্ণয়কেন্দ্র পরিচালনার জন্য ৩১ দফা শর্ত মানতে হয়। অধিদপ্তর পরিদর্শনের পর অনুমোদন দেয়। এর মূল দায়িত্বে অধিদপ্তরের হাসপাতাল শাখা। মতামতের জন্য একাধিকবার চেষ্টা করেও হাসপাতাল শাখার পরিচালক এ বি এম আবদুল হান্নানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল শাখার দায়িত্বে থাকা যুগ্ম সচিব মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, দেশে কতগুলো ক্লিনিক ও রোগনির্ণয়কেন্দ্র আছে, কতগুলো অনুমোদন ছাড়া চলছে বা কতগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে তা তাঁর জানা নেই।
আগস্ট থেকে নভম্বর পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করে অধিদপ্তর। পরিদর্শন প্রতিবেদনে লেখা হয়েছে, মেডিহেলথের ল্যাবরেটরির ফ্রিজে রিএজেন্টের সঙ্গে কাঁচা মাংস, ফল, আচার, সবজি ও কোমলপানীয় একসঙ্গে রাখা ছিল। দি থাইরয়েড সেন্টার, ল্যাব স্ক্যান ও নিউ হোপ মেডিকেল সেন্টার, ডা. নিজাম মেডিকেল সেন্টারে পরিদর্শনের সময় মেডিকেল টেকনোলজিস্ট পাওয়া যায়নি। পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, আগাম সই করা কাগজপত্র। কিউর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ছিলেন না। আর স্বদেশ ক্লিনিক ও মেডিহেলথ জেনারেল হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসক ছিলেন না। গ্রিন ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না, সেবাও মানসম্মত নয়।