বেসরকারি চ্যানেলের টক শো মনিটর হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশনের টক শো এবং সংবাদসহ অন্যান্য অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে মনিটরিং করা হয়। গতকাল সংসদে অপু উকিলের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। একই প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বেসরকারি চ্যানেলের অনুষ্ঠান পর্যবেক্ষণের জন্য বিটিভিতে পাঁচ সদস্যের মনিটরিং সেল কাজ করছে। এই সেল বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান ধারণ করে এর ভিত্তিতে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। স্থায়ীভাবে একটি পূর্ণাঙ্গ মনিটরিং সেল গঠনের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মদের প্রশ্নের জবাবে হাসানুল হক বলেন, কোনো গণমাধ্যমে দেশের সংস্কৃতির পরিপন্থী বিষয় সম্প্রচার করা হলে তার বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। কার্টুন ছবি ডোরেমন প্রচারের মাধ্যমে শিশুদের লেখাপড়ার পরিবেশ বিনষ্ট হবে, তা সরকারের কাম্য নয়। ইতিমধ্যে অনুমোদনহীন টিভি চ্যানেল ডিজনি, ডিজনি এক্সডি ও পোগো সম্প্রচার বন্ধের নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলে ডোরেমন কার্টুনের সম্প্রচার বন্ধ হয়েছে। এ এন মাহফুজা খাতুনের (বেবী মওদুদ) প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ২০১১-১২ অর্থবছরে আয় করেছে এক কোটি ৪০ লাখ টাকা। একই সময়ে সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ১২ কোটি ৫১ লাখ টাকা।সাধনা হালদারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার গত বছরের ১৮ জুন অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করেছে। এই কমিটির ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ পেশ করার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে শেষ হয়নি। পরে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। আশা করা যায়, এই বছরের জুন মাসের আগেই সুপারিশ অনুযায়ী অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের কার্যক্রম শুরু হবে।সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিকদের বাসস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।সালমা ইসলামের প্রশ্নের জবাবে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেন, দেশে বর্তমানে ৬০ ভাগ লোক বিদ্যুত্-সুবিধা পাচ্ছে। ২০২১ সাল নাগাদ দেশের সব মানুষকে বিদ্যুত্-সুবিধার আওতায় আনা সম্ভব হবে। এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, পল্লি বিদ্যুতায়ন কার্যক্রমের আওতায় গত বছর নয় হাজার ৯৬৫ কিলোমিটার নতুন বিদ্যুত্ লাইন সংযোগ প্রদান করা হয়েছে।