বেসরকারি টিভি চ্যানেলের পাঁচ কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে বি-মিউজিক (বাংলা মিউজিক) নামের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংগীত প্রতিযোগিতার নামে প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশ গত শুক্রবার রাতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, বি-মিউজিক (বাংলা মিউজিক) টিভি চ্যানেলের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ সাজ্জাদ, ‘গাঁও-গেরামের গান’ পরিচালক সাজ্জাদ হোসেন, কর্মকর্তা শিমুল মাহমুদ, স্থানীয় প্রতিনিধি সুবাস দেব ও বকুল রায়।পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ‘গাঁও-গেরামের গান’ নামে প্রতিযোগিতামূলক টিভি অনুষ্ঠানের জন্য লিফলেট, পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়। এতে পল্লিগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালন, বাউল, মুর্শিদি, আঞ্চলিক ও আদিবাসী ইত্যাদি গানের প্রতিযোগিতা হবে বলে জানানো হয়। এ জন্য ১০ ঊর্ধ্ব যেকোনো বয়সের শিল্পীদের প্রতিযোগিতার জন্য ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ২৩টি স্থান থেকে প্রতি বিষয়ে ১০০ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন ফরম কিনে তা পূরণ করে ৩০ সেপ্টেম্বরের আগে জমা দিতে বলা হয়। প্রতিযোগিতায় সেরা ১০ শিল্পীকে নিয়ে অ্যালবাম, স্বর্ণপদক, গাড়ি এবং সেরা শিল্পীদের ঢাকা-কলকাতা-লন্ডন-নিউইয়র্কে বিশেষ শো করা হবে বলে প্রচার করা হয়। শুক্রবার বিকেলে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অডিশন শুরু হয়। অডিশন চলাকালে ‘বি-মিউজিক’ নামে যে টিভি চ্যানেল এখনো চালুই হয়নি, সেই চ্যানেলের এত বড় অনুষ্ঠান নিয়ে অভিভাবকদের মধ্যে সন্দেহ হয়। পরে তাঁরা এই চ্যানেলের কার্যক্রম সম্পর্কে পুলিশকে জানান। পুলিশ এসে অডিশন কার্যক্রম বন্ধ করে দেয়। সে সময় পুলিশ সংগীত প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদের পর গত শনিবার আটক সাতজনকে ছেড়ে দিয়ে উল্লিখিত পাঁচজনকে গ্রেপ্তার করে।বি-মিউজিকের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ সাজ্জাদ বলেন, ‘গাঁও-গেরামের গান কার্যক্রমের মাধ্যমে প্রাপ্ত অনুষ্ঠান আমরা আমাদের চ্যানেলে প্রচার করব। এই চ্যানেলের প্রচার কার্যক্রমের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। আশা করি, অক্টোবরের মধ্যে সম্প্রচার করতে পারব।’ ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বলেন, ‘বি-মিউজিক চ্যানেলের পক্ষে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। প্রতারক চক্রটি বিপুলসংখ্যক প্রতিযোগীকে নির্বাচন করে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যতে যাতে বড় ধরনের কোনো প্রতারণা করতে না পারে, সে জন্য তাঁদের এই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’ বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।