বেসরকারি ট্রেনে চলছে অতিরিক্ত ভাড়া আদায়
বদরগঞ্জ-রংপুর রেলপথে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ৪৬১/৪৬২ নম্বর লোকাল ট্রেনে সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।বদরগঞ্জ রেলস্টেশনে রেলযাত্রী ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, স্টেশনের গেটে সাঁটানো তালিকায় রংপুর পর্যন্ত ট্রেনের ভাড়া সাত টাকা লেখা থাকলেও বেসরকারি তালিকায় ১০ টাকা লিখে রাখা হয়েছে। যাত্রীদের কাছ থেকে টিকিট দিয়ে ১০ টাকাই আদায় করা হচ্ছে। টিকিট কাউন্টারে প্রতিবাদ করেও কাজ হচ্ছে না। একই কথা বলেন বদরগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র রফিকুল ইসলামসহ কয়েকজন।রেলস্টেশন সূত্রে জানা গেছে, মেসার্স তাজ এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান ট্রেনটি পরিচালনা করছে। বদরগঞ্জ থেকে রেলপথে রংপুরের দূরত্ব ২৩ কিলোমিটার। সরকারিভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে সাত টাকা। কিন্তু বিধিবহির্ভূতভাবে টিকিট দিয়ে ভাড়া আদায় করা হচ্ছে ১০ টাকা। গত ১ অক্টোবর থেকে টিকিটপ্রতি এই অতিরিক্তি তিন টাকা ভাড়া আদায় করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর অতিরিক্ত প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পশ্চিম) এস এম মুরাদ হোসেন স্বাক্ষরিত পত্রে ১ অক্টোবর থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া পাঁচ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ সাত টাকা নির্ধারণ করার কথা জানানো হয়। সে অনুযায়ী ওই পথের ভাড়া নির্ধারণ করা হয় সাত টাকাই। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বদরগঞ্জ-রংপুর পথে টিকিট দিয়ে যাত্রীদের কাছ থেকে ১০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। বদরগঞ্জ রেলস্টেশনে ওই ট্রেনের টিকিট দেওয়ার দায়িত্বে থাকা কমিশন এজেন্ট মারুফুজ্জামান বলেন, ‘টিকিট তো আমরা ছাপাই না। কর্তৃপক্ষ টিকিট পাঠিয়েছেন। আমাদের করার কিছু নেই।’ বদরগঞ্জ রেলস্টেশনের মাস্টার আবদুল মাজেদ বলেন, ‘সরকারিভাবে এ পথে সাত টাকা ভাড়া নির্ধারিত আছে। কিন্তু টিকিট প্রদানকারীদের বলতে বলতে হয়রান হয়ে গেছি। তাঁরা কোনো কথাই শুনছেন না।’ মেসার্স তাজ এন্টারপ্রাইজের পরিচালক হারুন অর রশিদ বলেন, ‘সরকারিভাবে ট্রেনের ভাড়া পুনর্নির্ধারণ করার পর আমরা তাড়াহুড়ো করে টিকিট ছাপিয়ে পাঠিয়েছি। এ রকম দুই-চারটি স্টেশনে হয়তো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে। তবে দুই-তিন দিনের মধ্যে সাত টাকা ভাড়ার টিকিট ছাপিয়ে স্টেশনে পাঠানো হবে।’ তা হলে যাত্রীদের কাছ থেকে এত দিনে অতিরিক্ত আদায় করা ভাড়ার কী হবে—এমন প্রশ্নের জবাবে বলেন, এটা ভুল হয়েছে।২০১০ সালের নভেম্বরে ৪৬১/৪৬২ নম্বর লোকাল ট্রেনটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুর থেকে বদরগঞ্জের ওপর দিয়ে লালমনিরহাটের বুড়িমারী পর্যন্ত চলাচল করে।