বেসরকারি দিবসে সংসদ অধিবেশন ছিল নিষ্প্রাণ
প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম বেসরকারি কার্যদিবস ছিল নিষ্প্রাণ। সন্ধ্যার পর সরকারি দলের সদস্যরাও একে একে অধিবেশন কক্ষ থেকে চলে যাওয়ায় সামনের দিকের বেশির ভাগ আসনই ছিল ফাঁকা।গত ২০ সেপ্টেম্বর চলতি অধিবেশন শুরু হয়। গতকাল এ অধিবেশনের চতুর্থ দিনেও বিরোধী দল সংসদে যোগ দেয়নি। এর আগের অধিবেশনের প্রথম দিন ২ জুন বিরোধী দল সর্বশেষ সংসদে যোগ দিয়েছিল।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন কক্ষে রাত পৌনে আটটার সময় সামনের সারিতে কেবল আওয়ামী লীগের তোফায়েল আহমেদ ও শেখ ফজলুল করিম সেলিমকে দেখা গেছে। অধিবেশন কক্ষে এ সময় মোট উপস্থিত ছিলেন ৬৯ জন সাংসদ।বেসরকারি কার্যদিবসে গতকাল বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটির প্রথম প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি আবদুল মতিন খসরু প্রতিবেদনটি উপস্থাপন করেন। এ প্রতিবেদনে সরকারি দলের সাবের হোসেন চৌধুরীর আনা লেপার (সংশোধন) বিল, ২০১০ পাস করার সুপারিশ করা হয়।এরপর সংসদে বেসরকারি সদস্যদের তিনটি সিদ্ধান্ত প্রস্তাব নিষ্পত্তি করা হয়। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম এবং সরকারি দলের ইমাজউদ্দিন প্রামানিক ও নুরুন্নবী চৌধুরী এ তিনটি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন। পরে সংশ্লিষ্ট মন্ত্রীদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনটি সিদ্ধান্ত প্রস্তাবই প্রত্যাহার করা হয়।রাত সাড়ে আটটায় সংসদের অধিবেশন আগামী রোববার বিকেল চারটা পর্যন্ত মুলতবি করা হয়।