বেসরকারি পরিবহনগুলোর বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বান্দরবান-ঢাকা বাস চালুর সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার বেসরকারি জনপরিবহনের সব টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়েছে।বিআরটিসির বাস চালুর সিদ্ধান্ত বাতিল অথবা বিষয়টির সন্তোষজনক মীমাংসা না হওয়া পর্যন্ত বান্দরবান-ঢাকার সব জনপরিবহন বন্ধ রাখা হবে বলে বেসরকারি পরিবহনের মালিক-শ্রমিকেরা জানান।জেলা প্রশাসকের উদ্যোগে সোমবার দুপুরে জনপরিবহন চলাচলসংক্রান্ত সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক সভায় বিআরটিসির বাস চালু সিদ্ধান্ত বহাল রাখা হয়। সভায় উপস্থিত বেসরকারি পরিবহন সংস্থার মালিক-শ্রমিকেরা সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, এ বছর পর্যটকের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। তাই যাত্রীশূন্যতার কারণে বান্দরবান-ঢাকার নয়টি পরিবহন সংস্থার বাস চলাচল বন্ধের উপক্রম হয়েছে। এ অবস্থায় সরকারি পরিবহন চালু হলে তাঁদের পরিবহন বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।তবে সভায় উপস্থিত অনেকে বলেন, চলাচলকারী বেসরকারি বাসগুলো ও তাদের যাত্রীসেবার মান ভালো নয় এবং ভাড়া বেশি হওয়ায় মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এ জন্য বিআরটিসির বাস চালু হলে প্রতিযোগিতা ও যাত্রীসেবার মান বাড়বে।বিআরটিসির বান্দরবানের সমন্বয়কারী সাদেক হোসেন চৌধুরী বলেন, বেসরকারি পরিবহনের সঙ্গে সমন্বয় করে আজ মঙ্গলবার থেকে বিআরটিসির বাস চালু করা হবে। কিন্তু কিছু পরিবহন সংস্থার লোকজন অযৌক্তিকভাবে দাবি করে আসছেন, তাঁরা ছাড়া অন্য কেউ বান্দরবানে গাড়ি চালাতে পারবেন না। সভা থেকে বের হয়ে পরিবহন সংস্থাগুলোর মালিক-শ্রমিকেরা টিকিট কাউন্টারগুলো বন্ধ করে দেন। মালিক সমিতির আহ্বায়ক কামাল পাশা বলেন, বিআরটিসির বান্দরবান-ঢাকা বাস চালুর ব্যাপারে তাঁদের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। এ জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকা থেকে বান্দরবানে বাস ছেড়ে আসবে।জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেন, বিআরটিসি ও বেসরকারি পরিবহনের সমন্বয় করে জনপরিবহন চালানোর জন্য সবাইকে বলা হয়েছে। এতে কোনো সমস্যা হবে না বলে তিনি জানান।