বেসরকারি প্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রতিষ্ঠানের মতো সব বেসরকারি প্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১১-এর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী সুস্থ ও সবল শিশুর জন্য ঘরে ঘরে সুস্থ মা গড়ে তুলতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি মায়েদের প্রতি শিশুদের বুকের দুধ পান করানোর আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পরিবারকে মায়ের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। কারণ একজন সুস্থ মা-ই একজন সুস্থ-সবল শিশুর জন্ম দিতে পারেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার সিফায়েত উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এম রিয়াজ উদ্দিন, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি কার্ল ডি রই ও ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান এস কে রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর।এবারের মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘শিশুকে দিন মায়ের দুধ আর ঘরে তৈরি খাবার, এ কথাটি বলতে হবে সবার’।প্রধানমন্ত্রী ১৯৯৬-২০০১ মেয়াদে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সে সময় মাতৃত্বকালীন ছুটি তিন মাস থেকে বাড়িয়ে চার মাস করা হয়েছিল। এবার তা আরও বাড়িয়ে ছয় মাস করা হয়েছে। এ ছাড়া অফিস-আদালত, ব্যাংক-বিমা, হাসপাতালসহ সব সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে শিশুদের মাতৃদুগ্ধ পানের উপযোগী পরিবেশ তৈরির জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও এ ধরনের স্থান তৈরির জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, শিশুরাই জাতির ভবিষ্যৎ। মাতৃগর্ভে থাকাকালীন থেকে বেড়ে ওঠা পর্যন্ত তাদের পূর্ণ যত্ন নিতে হবে। তাদের শাল দুধ খাওয়াতে হবে। মাকেও পর্যাপ্ত খাবার দিতে হবে।’শেখ হাসিনা বলেন, ব্রেস্ট ফিডিং কার্যক্রম জোরদার করতে তাঁর সরকার ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। ৩০ হাজার স্যাটেলাইট ক্লিনিকের পাশাপাশি প্রায় ১০০ মা ও শিশুকল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এ ছাড়া সরকার সারা দেশে তিন হাজার ৯০০ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র স্থাপন করেছে।