বেসরকারি প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে ডিএসসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর ধরে বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধনের কাজ বন্ধ আছে। এই উদ্যোগ ফের চালু করার জন্য গতকাল বুধবার বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ডিএসসিসি। সেখানে তাদের দিয়েই আবার সড়ক বিভাজকের সৌন্দর্যের কাজ করানোর সিদ্ধান্ত হয়।
ডিএসসিসির নগর ভবনে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে সংস্থাটির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, ২০০৪ সালে ডিএসসিসির ১২৪টি সড়কদ্বীপ, ৭৫টি সড়ক বিভাজক সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু পরিদর্শনে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানই কাজের প্রতি উদাসীন বা অনাগ্রহী। বারবার অনুরোধ করেও তাদের কাজের মান ভালো করা সম্ভব হয়নি। এ জন্য ২০১৫ সালের পর থেকে সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে নবায়ন করার সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, সৌন্দর্যবর্ধনে একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি নেটওয়ার্ক গড়ে তুলতে অনাগ্রহী প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়া হয়েছে। এখন নতুন করে ব্যাংক, বিমা, গণমাধ্যম, মুঠোফোন কোম্পানি বা প্রতিষ্ঠান এবং সেনা কল্যাণ সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করলে শহরের কাঙ্ক্ষিত সৌন্দর্য বাড়ানো সম্ভব হবে।

সড়কদ্বীপ বা বিভাজকের পাশাপাশি মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের নিচের জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে সৌন্দর্যবর্ধন করা যেতে পারে বলে মত দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল। ডিএসসিসির প্রধান নির্বাহী বলেন, সড়কদ্বীপে যেসব ব্যানার-পোস্টার আছে, সেগুলো খুলে ফেলতে কাজ করছেন ডিএসসিসির কর্মীরা। নগরীর রাস্তাঘাটে অবৈধ ব্যানার-পোস্টার থাকবে না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বলেন, শহরের রাস্তাঘাট, ফুটপাতসহ অনেক অবকাঠামোগত উন্নয়ন করেছে ডিএসসিসি। কিন্তু ভাসমান লোকদের কারণে সেটার সৌন্দর্য ধরে রাখা যাচ্ছে না। ফুটপাতে বসানো নতুন টাইলসগুলোও তারা নোংরা করে ফেলছে।

সভায় ইনোভা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী নেয়ামত ইউ মজুমদার বলেন, এই শহরের সৌন্দর্যবর্ধনের আগে সেটিকে নিজের ভাবতে হবে। সবার মধ্যে সচেতনতা বাড়াতে হবে। আর এই সচেতনতা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই চালু করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।

বাংলাদেশ বিলবোর্ড বিজ্ঞাপন মালিক সমিতির সাধারণ সম্পাদক মীজানুর রহমান বলেন, ‘আগে শাহবাগ মোড় সড়কদ্বীপটি আমি বরাদ্দ নিয়েছিলাম। সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছিল। কিন্তু সেটি ভেঙে এখন স্থাপন করা হয়েছে এলইডি বিলবোর্ড। অথচ আমাকে বরাদ্দ বাতিলের চিঠি দেওয়া হয়নি।’ তিনি বলেন, নতুন করে সড়ক বিভাজকের সৌন্দর্য বাড়াতে হলে আগে সেখানে ওয়াসার পানি সংযোগের ব্যবস্থা করতে হবে। কারণ, সড়ক বিভাজকের এই পরিবেশে পর্যাপ্ত পানি ছাড়া গাছ বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। এ ছাড়া এই কাজ বাস্তবায়ন করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কি না, তা কর্তৃপক্ষকে জানাতে তিন মাস অন্তর একটি বৈঠকের আয়োজন করতে হবে।

ঢাকা ব্যাংকের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ডিএসসিসির বিভিন্ন সড়কদ্বীপে সৌন্দর্যবর্ধন করেছেন তাঁরা। কিন্তু সড়কদ্বীপে বিভিন্ন দিবসকে কেন্দ্র করে ব্যানার-পোস্টার দিয়ে ছেয়ে দেওয়া হয়। এতে সড়কদ্বীপের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
এই মতবিনিময় সভায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।