দেশের সব বেসরকারি প্রাথমিক ও কমিউনিটি বিদ্যালয়গুলোর দায়িত্ব সরকারের কাছে নেওয়ার সুপারিশ করেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়। সভা শেষে কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর সংবাদ ব্রিফিংয়ে জানান, দেশে ১৯ হাজার ৭০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের প্রায় শতভাগ বেতন সরকার বহন করে। এগুলোর ভবন সরকারই নির্মাণ করে দেয়। সে ক্ষেত্রে এসব বিদ্যালয় সরকারিকরণে সমস্যা হওয়ার কথা নয়। তিনি বলেন, ‘আমাদের সংবিধানেও সব প্রাথমিক শিক্ষার মান সমান রাখার বিধান রয়েছে। মহীউদ্দীন খান আরও জানান, রেলওয়ের কংক্রিট সিমেন্ট নির্মাণের কারখানা বন্ধের কারণ সম্পর্কে গতকালের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে রেলওয়েকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। সেই সঙ্গে ১৯৮৭ সাল থেকে এই কারখানায় লক্ষ্য অনুযায়ী স্লিপার উৎপাদন কেন করা যায়নি, সে বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি মনে করে, অব্যবস্থাপনার কারণেই কারখানাটি বন্ধ রয়েছে। মন্ত্রণালয়ের তদারকির এবং লোকবলেরও অভাব ছিল। এই সভায় অন্যদের মধ্যে কমিটির সদস্য আলী আশরাফ, আবদুস শহীদ, টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আহমেদ আতাউল হাকিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালযের সচিব আবু আলম মো. শহীদ খান উপস্থিত ছিলেন।