বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলায় ৮৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে ওই সব বিদ্যালয়ের শিক্ষকেরা শুক্রবার সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন করেছেন।
মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী ঘোষিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন জানান। জেলার সাতটি উপজেলার ৮৬টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকায় এক শিক্ষক সমাবেশে সারা দেশে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খাগড়াছড়ি জেলা থেকে সরকারীকরণের যাবতীয় শর্তাদি পূরণ করা সত্ত্বেও ৮৬টি বিদ্যালয় সরকারীকরণ থেকে বাদ পড়ে যায়। ফলে পাহাড়ের দুর্গম ও বিস্তৃত এলাকার শিক্ষার্থীরা এখন প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে। ৮৬টি বিদ্যালয়ের ৩৪৪ জন শিক্ষকের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে। এসব বিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়বে।