বেসরকারি ফলাফলে আ.লীগ-সমর্থিত প্রার্থী জয়ী
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অনুষ্ঠিত উপনির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল আলীম জয়ী হয়েছেন। দোয়াত-কলম প্রতীকে তিনি পেয়েছেন ৪৭ হাজার ২৬৬টি ভোট।
এদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী ও একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার ২৮৯টি ভোট।
রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক নিহত হওয়ার পর তাঁর পদটি শূন্য হয়। ওই শূন্য পদে আজ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বেলা চারটা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম।
এদিকে কেন্দ্র দখল, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, সমর্থকদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া ও বোমাবাজির অভিযোগে দুপুরে মিনার চৌধুরীর পক্ষে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তাঁর প্রধান নির্বাচন সমন্বয়কারী ফজলুল হক চৌধুরী।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকায় চেয়ারম্যান একরাম ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে তাঁর ওপর হামলার পর কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। মিনার চৌধুরী বর্তমানে এ মামলায় কারাগারে আছেন।