বেসরকারি বিদ্যুৎকেন্দ্রকে ২০ লাখ টাকা জরিমানা
ছাড়পত্র না নিয়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু করায় চট্টগ্রামে বারাকা-পতেঙ্গা পাওয়ার লিমিটেড নামের ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটিকে ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত ১৬ জানুয়ারি সরেজমিন পরিদর্শন শেষে গতকাল রোববার অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম এই জরিমানা করেন।চট্টগ্রাম নগরের পতেঙ্গায় অবস্থিত ফার্নেস তেল দিয়ে চালিত এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আগে পরিবেশ ও প্রতিবেশের ওপর প্রভাব সমীক্ষা পরিচালনা করা হয়নি। এতে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ অনুযায়ী উক্ত প্রকল্পটি একটি ‘লাল’ শ্রেণীভুক্ত প্রতিষ্ঠান। এরূপ প্রকল্পের কার্যক্রম শুরু করার আগেই প্রকল্প এলাকার প্রাথমিক পরিবেশগত সমীক্ষা প্রতিবেদন তৈরি করার বিধান রয়েছে। এই প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরে দাখিল করার পর প্রকল্পের অনুকূলে অবস্থানগত ছাড়পত্র গ্রহণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বারাকা-পতেঙ্গা পাওয়ার লিমিটেড ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্পটি প্রাথমিক পরিবেশগত সমীক্ষা ব্যতীতই প্রকল্প কার্যক্রম পরিচালনা শুরু করে। এই বিদ্যুৎকেন্দ্রটি ফার্নেস তেলভিত্তিক। এ কারণে তাদের ২০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে অধিদপ্তরের পরিদর্শক মো. হারুনুর রশিদ জানান।