বিদ্যুত্ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির অভিমত
বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর নির্মাণকাজ হতাশাজনক
সরকারি-বেসরকারি মালিকানায় বাস্তবায়নাধীন বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের অগ্রগতি হতাশাজনক। তবে এ ক্ষেত্রে সরকারিগুলোর অগ্রগতি অপেক্ষাকৃত ভালো। বর্তমান সরকারের বাকি মেয়াদে এর অধিকাংশ কেন্দ্র চালু হচ্ছে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই অভিমত বিদ্যুৎ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির। জাতীয় সংসদের চলতি অধিবেশনে একাধিক সাংসদ বিদ্যুত্ পরিস্থিতি এবং সরকার ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েও সুফল না আসায় ক্ষোভ প্রকাশ করেন। এর আগে গত ৫ জুন সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রগুলোর হতাশাজনক চিত্র তুলে ধরা হয়। বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বারাকাতুল্লাহ ডায়নামিকসের মালিকানায় ৫০ মেগাওয়াটের পতেঙ্গা বিদ্যুৎকেন্দ্র ২০১২ সালের অক্টোবরের মধ্যে চালু হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কাজ হয়েছে ৭০ শতাংশ। পাওয়ারপ্যাকের মালিকানায় জামালপুর বিদ্যুৎকেন্দ্র (৯৫ মেগাওয়াট) এবং খুলনা পিকিং বিদ্যুৎকেন্দ্র (১০০ মেগাওয়াট) ২০১২ সালের নভেম্বরের মধ্যে চালু হওয়ার কথা থাকলেও তারা এখন পর্যন্ত কাজই শুরু করেনি। ঢাকা নর্থ পাওয়ারের মালিকানায় গাবতলী, ঢাকা ওয়েস্ট পাওয়ারের মালিকানায় বসিলা এবং সিএলসি পাওয়ার অ্যাসোসিয়েটসের মালিকানায় বসিলা বিদ্যুৎকেন্দ্র যথাক্রমে ২০১২ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে চালু হওয়ার কথা থাকলেও কাজের অগ্রগতি শূন্য। এই তিন কেন্দ্র থেকে ৩২৪ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হওয়ার কথা।সামিট পাওয়ার ও জিইসি কনসোর্টিয়ামের বিবিয়ানা-১ ও বিবিয়ানা-২ প্রকল্প থেকে ৩৪১ মেগাওয়াট করে বিদ্যুত্ উত্পাদন হওয়ার কথা। এর প্রথমটি বাস্তবায়িত হবে না। প্রকল্প বাতিলের নোটিশ দেওয়া হয়েছে। অন্যটিতে ৭ শতাংশ কাজ হয়েছে। দুটি প্রকল্পই গত মে মাসে চালু হওয়ার কথা ছিল। এ ছাড়া সামিট পাওয়ারের ৩৩৫ মেগাওয়াটের মেঘনাঘাট প্রকল্প (জিটি) চলতি বছরের অক্টোবরে চালু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ হয়েছে ৬০ শতাংশ।রিজেন্ট এনার্জি লিমিটেডের মালিকানায় ১০৮ মেগাওয়াটের ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র, মিডল্যান্ড পাওয়ার কোম্পানির ৫১ মেগাওয়াটের আশুগঞ্জ, সিনহা পিপলস এনার্জির ৫৩ মেগাওয়াটের মুন্সিগঞ্জের কাঠপট্টি এবং সিনহা এনার্জির ৫৩ মেগাওয়াটের হোমনা বিদ্যুৎকেন্দ্র ২০১৩ সালের জানুয়ারির মধ্যে চালু হওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম তিনটি প্রকল্পের কাজের অগ্রগতি ৫০ থেকে ৭০ শতাংশ। শেষোক্তটির কাজ এখনো শুরু হয়নি। ইসিপিভির ১০৮ মেগাওয়াটের চট্টগ্রামের জুলদা বিদ্যুৎকেন্দ্র এবং ডিজিটাল পাওয়ার অ্যাসোসিয়েটসের ১০২ মেগাওয়াটের গগননগর বিদ্যুৎকেন্দ্র আগামী মাস থেকে চালু হওয়ার কথা রয়েছে। কিন্তু এই দুটি প্রকল্পের কাজ শেষ হয়েছে যথাক্রমে ৩০ ও ৫৫ শতাংশ।সংসদীয় কমিটির মতে, বেসরকারি মালিকানাধীন প্রকল্পের তুলনায় সরকারিভাবে বাস্তবায়নাধীন ১২টি প্রকল্পের কাজের অগ্রগতি মোটামুটি সন্তোষজনক। এর মধ্যে ৪১২ মেগাওয়াটের হরিপুর এবং ১৫০ মেগাওয়াটের খুলনা বিদ্যুেকন্দ্রের নির্মাণকাজ ৮০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। এ দুটি প্রকল্প যথাক্রমে আগামী অক্টোবর ও জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা।মন্ত্রণালয়ের উপস্থাপনা অনুযায়ী, বর্তমানে ছয় হাজার ৭০৭ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদ্যুেকন্দ্র নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে সরকারি ১২টি প্রকল্প থেকে তিন হাজার ১১৪ মেগাওয়াট এবং বেসরকারি ২১টি প্রকল্প থেকে তিন হাজার ৫৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। বেসরকারি ২১টির মধ্যে ছয়টি কেন্দ্র ২০১২ সালে এবং নয়টি ২০১৩ সালের মধ্যে, অর্থাৎ বর্তমান সরকারের মেয়াদে মোট ১৫টি কেন্দ্র থেকে বিদ্যুত্ উত্পাদন হওয়ার কথা দুই হাজার ৬১ মেগাওয়াট। কিন্তু ১৫টি বেসরকারি প্রকল্পের মধ্যে ছয়টির বাস্তবায়ন অগ্রগতি শূন্য। তিনটির অগ্রগতি ৩ থেকে ৩০ শতাংশের মধ্যে। বাকি ছয়টির বাস্তবায়ন অগ্রগতি ৫০ থেকে ৭০ শতাংশ। জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া প্রথম আলোকে বলেন, চুক্তি অনুযায়ী বিদ্যুত্ প্রকল্পগুলো বর্তমান সরকারের মেয়াদে চালু হলে সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হতো। নির্বাচনে তা সরকারের জন্য ইতিবাচক হতো। দু-চারটি প্রকল্প বর্তমান সরকারের মেয়াদে চালু হওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকলেও তা জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যোগ করতে পারবে না।