
বেসরকারি বিনিয়োগের প্রসারে সরকারকে পথনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেন, এমন নীতি গঠন ও বাস্তবায়নে পথনির্দেশনা দিতে হবে, যা সত্যিকার অর্থে বেসরকারি বিনিয়োগকে প্রণোদিত করবে। একই সঙ্গে প্রবৃদ্ধির পথে বাধাগুলোকে মোকাবিলা করতে সহায়ক হবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ‘ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন—ডিবিএ’ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে মার্কিন রাষ্ট্রদূত এ আহ্বান জানান। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া এ প্রোগ্রামে পেশাজীবীদের জন্য চার বছর মেয়াদি কোর্স রয়েছে।
মজীনা বলেন, ‘বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার পরবর্তী অর্থনৈতিক টাইগার হিসেবে পরিণত করতে আপনাদেরই পথপ্রদর্শন করতে হবে।’ তিনি বলেন, ‘আপনাদের উচিত এমনভাবে কাজ করা, যাতে শ্রমিকদের অধিকার পরিপূর্ণভাবে দেওয়া এবং তাঁদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা যায়।’
মার্কিন রাষ্ট্রদূত দেশীয় সম্পদ ব্যবহার করে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে অর্থনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের কাজ হবে বড় পরিসরে চিন্তা করা, যাতে বাংলাদেশ চীনকে টপকে বিশ্বের বৃহত্তম তৈরি পোশাক ও গৃহসামগ্রী রপ্তানিকারক দেশে পরিণত হয়।’
আইবিএর পরিচালক অধ্যাপক ইকবাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আরও বক্তব্য দেন ডিবিএ প্রোগ্রামের চেয়ারপারসন অধ্যাপক জিয়াউল হক, সমন্বয়ক রিদওয়ানুল হক প্রমুখ।