বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণকালীন শিক্ষকের সংকট বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সাধারণত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণকালীন শিক্ষকের সংকট বেশি। বেশির ভাগ ক্ষেত্রে খণ্ডকালীন শিক্ষক দিয়েই ক্লাস পরিচালনা করা হয়। তবে সরকার বেসরকারি কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য করে না। সবার প্রতিই সরকারের সমান দৃষ্টি রয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় সিলেট নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী, প্রবীণ শিক্ষাবিদ মো. আবদুল আজিজ, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদার। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফজলুর রব তানভীর।
অনুষ্ঠানে ছাত্র অভিভাবক আল-আজাদ, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ আব্বাছ উদ্দিন, শিক্ষার্থী রুমা সিনহা, সৌরভ আহমদ প্রমুখ বক্তৃতা দেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মিহিরকান্তি চৌধুরী। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকতে পারি, তবে আমাদের নতুন প্রজন্ম মেধার দিক দিয়ে কোনোভাবেই দরিদ্র নই। তাই আমাদের দেশের মানুষের পক্ষে পরিবর্তন আনা সম্ভব। নতুন প্রজন্মই আধুনিক বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দেবে।’