আইন বিষয়ে ডিগ্রি প্রদানকারী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সমালোচনা করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে দক্ষ ও যোগ্য আইনজীবী প্রয়োজন। ভালো আইনজীবী পেতে হলে চাই ভালো শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শিক্ষার মান একেবারেই নিম্নপর্যায়ের।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুল হক চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান বিচারপতি গতকাল সোমবার এ কথা বলেন। আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে শামসুল হক স্মৃতি পরিষদ।
প্রধান বিচারপতি বলেন, ঢাকা, রাজশাহী বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি নিয়ে ভালো মানের শিক্ষার্থীরা বের হচ্ছেন। কিন্তু বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো থেকে তা হচ্ছে না। এগুলো ইচ্ছেমতো সিলেবাস করে। আধুনিক আইনবিজ্ঞান, ইনকাম ট্যাক্স, ভ্যাট, সিকিউরিটিজ, ডিজিটাল প্রযুক্তি—এ-সংক্রান্ত কোনো আইন পড়ানো হয় না। অথচ এসব নিয়ে এখন অনেক মামলা হচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাস তৈরি করে দেওয়ার জন্য প্রধান বিচারপতি বার কাউন্সিল ও জ্যেষ্ঠ আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে শক্তিশালী আইনজীবী সমিতি প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, দেশে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে। কিন্তু যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে বিদেশি বিনিয়োগ আসবে না। তারা দেখবে অর্থ বিনিয়োগ করলে তা ফেরত পাওয়ার নিশ্চয়তা আছে কি না। মামলাজট কমাতে যেসব সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হচ্ছে, তাতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আমলে শামসুল হক চৌধুরীসহ ১৩ জন বিশিষ্ট আইনজীবীকে কারাগারে নেওয়ার ঘটনা উল্লেখ করেন সংবিধান প্রণেতাদের অন্যতম ড. কামাল হোসেন। তিনি বলেন, ওই সময় সব আইনজীবী, এমনকি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইন কর্মকর্তারা কারাগারে ছুটে গিয়েছিলেন। কারণ, নীতির প্রশ্নে কোনো সরকারি-বেসরকারি আইনজীবী নেই। ভিন্নমত থাকবে, কিন্তু নীতির প্রশ্নে সব আইনজীবীকে ঐক্যবদ্ধ হতে হবে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী আরও বলেন, নিরপেক্ষ বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকলে আইনের শাসন থাকবে না।
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, আইনজীবী সুব্রত চৌধুরী, শ ম রেজাউল করিম, মনজিল মোরসেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শামসুল হক স্মৃতি পরিষদের সম্পাদক এ বি এম বায়েজীদ।