বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীদের সুযোগ বাড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দরিদ্র পরিবারগুলোর সন্তানদের জন্য বৃত্তিসহ সুযোগ-সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি এ কথা বলেন।
সমাবর্তনে ৩ হাজার ৫৮০ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। এর মধ্যে ভালো ফলাফলের জন্য আটজনকে স্বর্ণপদক দেওয়া হয়।
বাসস জানায়, সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন সরকার দেশে উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকারি ও বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুযোগ বৃদ্ধি করেছে। দেশে এখন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং আরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাচ্ছে। তাই সবার দায়িত্ব হচ্ছে, এসব বিশ্ববিদ্যালয়কে শিক্ষা অর্জনের প্রকৃত স্থানে পরিণত করা।
সমাবর্তনে বক্তা ছিলেন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির কার্টিন গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেসের ডিন মাইলি তারজিওভস্কি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, বিইউবিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিক আহমেদ সিদ্দিক, বিইউবিটির উপাচার্য আবু সালেহ প্রমুখ বক্তব্য দেন।