বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট কমানো হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপিত কর কমানো হবে না। কর কমানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকেও তিনি সমর্থন করেন না।
গতকাল শুক্রবার দুপুরে সিলেট নগরের বাগবাড়ি শিশু সদনে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
এবারের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর ১০ শতাংশ কর আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তা সাড়ে ৭ শতাংশে নামানো হয়। শিক্ষার ওপর এই ভ্যাট বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা ৫০ হাজার টাকা ৩০ হাজার টাকা বেতন দিতে পারে। মাত্র সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট কেন দেবে না? তাদের আন্দোলনে আমার কোনোভাবেই সমর্থন নেই।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কয়েকটি হত্যার ঘটনা বাদ দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ স্থিতিশীল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা অনেক কাজ করেছি। পুলিশ বাহিনীর সদস্যসংখ্যা গত পাঁচ বছরে প্রায় ৩০ হাজার বাড়ানো হয়েছে।’
বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বাগবাড়ি শিশু সদনে মহানগর যুবলীগের উদ্যোগে খাবার বিতরণ করা হয়। অর্থমন্ত্রী এতিম শিশুদের মধ্যে নিজ হাতে খাবার বিতরণ করেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নগরের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, নগর যুবলীগের আহ্বায়ক আলম খানসহ আরও অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।