বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে 'হত্যাচেষ্টা'
সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক মো. আসাদুজ্জামান খানকে তিন দিন আটকে রেখে মারধর করেছে একদল দুষ্কৃতকারী। গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষককে একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাটি ‘গুম করে হত্যাচেষ্টা’ বলে অভিযোগ করেছেন। তাঁরা গতকাল দুপুরে ক্যাম্পাসে তাৎক্ষণিক মানববন্ধন ও প্রতিবাদ সভা করে আগামী দুই দিনের মধ্যে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক তরুণকে আটক করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটি দুষ্কৃতকারী চক্র এক সপ্তাহ ধরে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। চক্রটি ২৯ সেপ্টেম্বর রাতে ক্যাম্পাসে ডেকে নিয়ে আসাদুজ্জামানকে মারধর করে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তাঁর নাম ও শিক্ষক পরিচয় গোপন রাখায় বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা তাঁকে খুঁজে পাচ্ছিলেন না।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার (গতকাল) ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষককে পাওয়া যায়। হাসপাতালে তাঁর নাম ‘আবুল হোসেন’ ও শিক্ষক পরিচয় গোপন রেখে হামলাকারীরাই ভর্তি করেছিল বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। শিক্ষককে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিয়ে ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে লিখিতভাবে সিলেট কোতোয়ালি থানার লামাবাজার পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে।
এদিকে, শিক্ষক আসাদুজ্জামানকে গুম করে হত্যাচেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা গতকাল দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করেন। পরে প্রতিবাদ সভা করে শিক্ষক-কর্মকর্তারা দুই দিনের মধ্যে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। প্রতিবাদ সভায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ দীন মুহাম্মদ, সৈয়দ ময়িজুর রহমান, খন্দকার মমিনুল হক, জওহর লাল দাস, কামরুল হাসান, মাহবুব ইবনে সিরাজসহ কর্মকর্তারা বক্তব্য দেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগকে মামলা হিসেবে নেওয়া হবে জানিয়ে সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির দয়িত্বরত উপপরিদর্শক (ইনচার্জ) মনির হোসেন বলেন, শিক্ষকের ওপর হামলাকারী সন্দেহে তানিম নামের এক তরুণকে দুপুরে আটক করা হয়েছে।