বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আইন প্রণয়নের বিরোধিতা করেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইইবি)। সমিতির নেতারা বলেছেন, মন্ত্রিসভায় অনুমোদিত হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় বিলটি আইনে পরিণত হলে বেসরকারি পর্যায়ে উচ্চশিক্ষায় অচলাবস্থা সৃষ্টি হবে।গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনটি আইন মন্ত্রণালয়ে আইনি মতামতের (ভেটিং) অপেক্ষায় রয়েছে। এরপর তা জাতীয় সংসদে উত্থাপন করা হবে। প্রায় অর্ধযুগ ধরে সরকার আইনটি পরিবর্তন করতে চাইলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের আপত্তির মুখে তা সম্ভব হয়নি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার প্রসারে সরকারি প্রচেষ্টার পাশাপাশি পরিপূরক শক্তি হিসেবে কাজ করছে। কিন্তু যেভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আইনের মারপ্যাঁচে ফেলা হচ্ছে, তাতে এগুলো স্বাধীন ও স্বকীয়ভাবে চলতে পারবে না। প্রস্তাবিত বিলে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়গুলোর মৌলিক কাঠামো বদলে দেবে। এ ছাড়া দূরশিক্ষণ, শাখা ক্যাম্পাস এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খুলে উচ্চশিক্ষা দেওয়ার প্রক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনা হলেও এসব বিষয় কৌশলে আইনে রাখা হয়েছে।সমিতির চেয়ারম্যান ও সাবেক সচিব সি এম শফি সামি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুদান দেয় না। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেতন ও ফি নির্ধারণের বিষয়টি কেন কমিশন ঠিক করবে?ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী বলেন, প্রস্তাবিত আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব ও দায়িত্ব আলাদা করে দেওয়ার চেষ্টা লক্ষ করা যাচ্ছে। প্রকৃতপক্ষে কর্তৃত্ব ও দায়িত্ব সমান না হলে এবং বিশ্ববিদ্যালয়ের মালিকপক্ষ ও উপাচার্যের মধ্যে বিভাজন টেনে দিলে কেউই ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবে না।জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার, সমিতির মহাসচিব এম আলিমউল্যা প্রমুখ প্রস্তাবিত আইনের সমালোচনা করে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।