বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের দুটি প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ওই দুই প্রজ্ঞাপনের মাধ্যমে ১৫ শতাংশ হারে রিট আবেদনকারী যেসব প্রতিষ্ঠান থেকে আয়কর বাবদ অর্থ আদায় করা হয়েছে, তা ফেরত দিতে সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশ দেওয়া হয়েছে।
বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের জন্য ২০০৭ সালের ২৮ জুন ও ২০১০ সালের ১ জুলাই পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর বৈধতা নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এক শিক্ষার্থীর করা পৃথক ৪৬টি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ এবং আইনজীবী ওমর সাদাত ও আইনজীবী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর। বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ১০টি রিট করা হয়।
বেসরকারি পাঁচ বিশ্ববিদ্যালয়ের পক্ষে করা ২৫ রিট আবেদনের কৌঁসুলি সাখাওয়াত হোসেন বলেন, হাইকোর্ট প্রজ্ঞাপন দুটি অবৈধ ঘোষণা করেছেন। প্রজ্ঞাপন দুটি সংবিধানের ১৫, ১৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদ এবং ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪(৪)(বি) ধারার পরিপন্থী। ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা (মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং ও তথ্য শিক্ষাদানে নিয়োজিত প্রাইভেট কলেজ বা বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠান থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় করা যাবে না।
প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। এসব রুলের ওপর একসঙ্গে শুনানি শেষে গতকাল রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেন আদালত। রিট আবেদনকারীদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটি।