বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজ ক্যাম্পাসে না গেলে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব ক্যাম্পাস ছাড়া অন্যত্র কার্যক্রম পরিচালনা করছে এমন বিশ্ববিদ্যালয়গুলোকে সতর্ক করে দিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বুধবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পঞ্চম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।
সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তনে আরও বক্তব্য দেন সমাবর্তন বক্তা মালয়েশিয়ার পারলিস প্রদেশের ক্রাউন প্রিন্স ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের চ্যান্সেলর টংকু সৈয়দ ফয়জুদ্দিন পুত্রা ইবনে টংকু সৈয়দ সিরাজুদ্দিন জামালুল্লাই, ডিআইইউ সহ-উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. সবুর খান।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে। তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নাহিদ বলেন, অনেক বিশ্ববিদ্যালয় মান বৃদ্ধি করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক বিদেশিও এসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৩০ জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের প্রজ্ঞা ও মেধা যেন সাধারণ মানুষের মনে সাহস জোগায়, কর্মক্ষেত্রে ও সমাজে সূচিত করে ইতিবাচক পরিবর্তন।’
সমাবর্তনে ৩ হাজার ৬৮৩ জন নবীন গ্র্যাজুয়েট শিক্ষামন্ত্রীর কাছ থেকে সনদ গ্রহণ করেন। এবারের সমাবর্তনে তিনজন গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। এ ছাড়া কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ১৫ জন গ্র্যাজুয়েট পান স্বর্ণপদক। বিজ্ঞপ্তি।