বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধে নীলনকশার বাস্তবায়ন চলছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ বাস্তবায়নের নামে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া বন্ধের নীলনকশা বাস্তবায়ন করছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি)। গতকাল মঙ্গলবার সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তোলার সময় সমিতির চেয়ারম্যান ও সাবেক সচিব সি এম শফি সামি অনুপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলন চলার সময় একের পর এক সাংবাদিকদের প্রশ্নের মুখে সমিতির নেতারা বিব্রত হন, কয়েক দফা হইচই হয় এ সময়।এ প্রসঙ্গে জানতে চাইলে শফি সামি প্রথম আলোকে বলেন, সংবাদ সম্মেলনের বিষয়টি তিনি জানেন না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের শেষে তাঁর নাম লেখার আগে তাঁকে জানানো উচিত ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজটি ঠিক করেননি বলেও তিনি মন্তব্য করেন। লিখিত ওই বক্তব্যের সঙ্গে সমিতির চেয়ারম্যান হিসেবে তিনি একমত নন বলেও জানান।গত ১২ নভেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলন করে শর্ত না মানা বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে সরকারের অবস্থান তুলে ধরেন। এর জবাবে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এপিইউবি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সভাপতির অসম্মতিতে তৈরি করা লিখিত বক্তব্যে সমিতির মহাসচিব এম আলিমউল্লা মিয়ান বলেন, যেসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে ব্যর্থ হয়েছে, সেগুলো ২০১১ সালের পর আর কোনো প্রোগ্রাম বা কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি করতে পারবে না মর্মে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সমিতির নেতারা বলেন, যদি তাঁরা শিক্ষার্থী ভর্তি করতে না পারেন, তাহলে তাঁদের আয় বন্ধ হয়ে যাবে। এতে করে আর কখনোই তাঁরা স্থায়ী ক্যাম্পাসে যেতে পারবেন না।‘তাহলে কি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব কোনো বিনিয়োগ নেই, শুধু শিক্ষার্থীদের টাকায় চলে?’ সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তাঁরা সুনির্দিষ্ট কোনো জবাব দেননি। তবে বলেছেন, প্রতিষ্ঠাতারা কিছু বিনিয়োগ করে থাকেন।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সমিতির নেতারা বলেন, ‘অনেক ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবদান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অবদানকে ছাড়িয়ে গেছে। পাঁচ হাজার ৮০০ শিক্ষার্থীর জন্য সরকারি খাতে ৯২৮ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। সে হিসাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সরকারের ২৯ হাজার ২৩৩ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে না, বরং এটা সাশ্রয় হচ্ছে।’এ প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চান, তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কি নিজেদের টাকায় শিক্ষার্থীদের পড়াচ্ছে? এমন প্রশ্নে উত্তেজিত হয়ে পড়েন সমিতির নেতারা। এম আলিমউল্লা মিয়ান বলেন, প্রশ্নটি অশোভনীয়। তাঁর এই মন্তব্যের পরপরই সম্মেলনকক্ষে হইচই শুরু হয়। সাংবাদিকেরা তাঁদের কাছে জানতে চান, তাহলে তাঁরা সরকার ও শিক্ষা মন্ত্রণালয় নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা শোভন হয়েছে কি না। এ সময় সাংবাদিকেরা ওই নেতার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। কিছু সময় পরে সমিতির সহ-সভাপতি আবুল কাশেম হায়দার সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। পরে এম আলিমউল্লা মিয়ান এ-সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গেলে সাংবাদিকেরা তাঁর কাছ থেকে কোনো উত্তর শুনবেন না বলে জানিয়ে দেন। একপর্যায়ে এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আবুল কাশেম বলেন, তাঁরা বলতে চেয়েছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে অনেকে বিদেশে যাচ্ছেন না। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।এরপর সাংবাদিকেরা আউটার ক্যাম্পাস বিক্রি করে দেওয়া প্রসঙ্গে সমিতির নেতাদের মনোভাব জানতে চান। এ সময় শ্রোতাদের সারিতে থাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী বলেন, তাঁর বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি শাখা বিক্রি করে দেওয়ার তথ্য ঠিক নয়। সাংবাদিকেরা এ বিষয়ে খোঁজখবর না নিয়ে প্রতিবেদন লিখেছেন। তাঁর এই বক্তব্যের পরই শুরু হয় হইচই।এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান, আইন অমান্য করা, উচ্চশিক্ষার নামে ব্যবসা চালানো, উচ্চশিক্ষার নামে সুদের ব্যবসা ইত্যাদি বিষয়ে একের পর এক প্রশ্ন করেন সাংবাদিকেরা। এসব প্রশ্নের কোনোটিরই যথাযথ উত্তর দিতে পারেননি সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে সমিতির নেতাদের মধ্যে বেনজির আহমেদ, এম এ আবু তাহের, রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলন শুরু করার আগে সমিতির একটি ব্যানার টানানো হয়। সেখানে বাংলাদেশসহ অন্তত তিনটি বানান ভুল ছিল। বিষয়টি টের পেয়ে সমিতির এক নেতা সংবাদ সম্মেলন শুরুর পরপরই ব্যানারটি টেনে ছিঁড়ে ফেলেন।