বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান মূল্যায়ন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিলের খসড়া চূড়ান্ত হয়েছে। এই কাউন্সিল হবে একটি স্বাধীন প্রতিষ্ঠান। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান যাচাই এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেবে এই কাউন্সিল।‘অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এসিপিইউবি)’ নামে এই কাউন্সিলের খসড়া গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, এসিপিইউবি হবে একটি স্বাধীন কাউন্সিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুণগত মান নিশ্চিত করাই হবে এই কাউন্সিলের মূল কাজ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা যাচাই করে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিভাগের মাধ্যমে যেসব ডিগ্রি দেওয়া হয়, সেগুলোর মান দেখা হবে।বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অ্যাক্রিডিটেশন কাউন্সিলের প্রস্তাব কয়েক বছর ধরেই চলে আসছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩৮ ধারায় একটি জাতীয়, স্বতন্ত্র ও স্বাধীন অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। গত বছর এই আইন সংসদে পাস হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে খসড়াটি তৈরির কাজ শুরু করে ইউজিসি।দেশে সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫১। এর মধ্যে ১০-১২টি বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলছে। বাকিগুলোর বিরুদ্ধে শিক্ষাবাণিজ্য ও প্রতারণার অভিযোগ রয়েছে। এর মধ্যে আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।খসড়া অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এসিপিইউবির সদস্য হতে হবে। সদস্য হওয়ার ছয় মাসের মধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয় এসিপিইউবি নির্ধারিত প্রশ্নের উত্তর পূরণ করে জমা দেবে। বিশ্ববিদ্যালয় থেকে তথ্য পাওয়ার পর কাউন্সিলের অধীনে গঠিত বিশেষজ্ঞ পর্যালোচনা কমিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে। এরপর যাচাই ও তথ্য পর্যালোচনা করে কাউন্সিলের নির্বাহী কমিটির কাছে সুপারিশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিম্নমানের হলে তা ‘অসন্তোষজনক’ বলে বিবেচিত হবে। মানোন্নয়নের জন্য ওই সব প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় দেওয়া হবে।এরপর আবার পরিদর্শন করে যদি দেখা যায় তারা শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তখন এসিপিইউবির নির্বাহী কমিটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সদস্যপদ স্থগিত রাখবে যতক্ষণ না পর্যন্ত তারা নির্ধারিত শর্ত পূরণ করবে। বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটি ডিগ্রি প্রোগ্রাম আলাদাভাবে যাচাই করা হবে। কাউন্সিল বিশ্ববিদ্যালয়গুলোর ডিগ্রির মান এসিপিইউবির ওয়েবসাইটে প্রকাশ করবে।কোনো বিশ্ববিদ্যালয় এসিপিইউবির সিদ্ধান্তে ক্ষুব্ধ হলে তারা সাধারণ পরিষদের কাছে আপিল করতে পারবে। তবে সিদ্ধান্ত জানানোর ৩০ দিনের মধ্যে এটা করতে হবে।ইউজিসি সূত্রে জানা গেছে, কাউন্সিলে একটি সাধারণ পরিষদ ও একটি নির্বাহী কমিটি থাকবে। সাধারণ পরিষদের সদস্যসংখ্যা হবে চেয়ারম্যানসহ ২১ জন। আর নির্বাহী কমিটি গঠিত হবে সাধারণ পরিষদের চেয়ারম্যান ও আট সদস্যের সমন্বয়ে। চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ হবে দুই বছর। এ ছাড়া থাকবে প্রোগ্রাম কমিটি ও বিশেষজ্ঞ পর্যালোচনা কমিটি।