বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমেছে বিদেশি শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের ব্যবধানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী কমেছে। তবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তা বেড়েছে।

উচ্চশিক্ষা দেখভালের দায়িত্বে থাকা সরকারি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বরে প্রকাশিত প্রতিবেদনটি কয়েক দিন আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেওয়া হয়েছে। ২০১৫ সালের তথ্য নিয়ে করা প্রতিবেদনে উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন ধরনের সুপারিশ করা করা হয়েছে।

ইউজিসির একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, একসময়ে বিদেশি শিক্ষার্থী অনেক বেশি থাকলেও বিভিন্ন কারণে সেটা কমেছে। কয়েক বছরে ধরে মোটামুটি একটি নির্দিষ্ট সংখ্যার মধ্যে এই সংখ্যা ঘুরপাক খাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী ছিল ১ হাজার ৫৪৮ জন। ২০১৪ সালে ছিল ১ হাজার ৬৪৩ জন। এই হিসাবে এক বছরের ব্যবধানে ৯৫ জন বিদেশি শিক্ষার্থী কমেছে। এর আগের বছর ২০১৩ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল ১ হাজার ৬১২ জন। আর ২০১২ সালে ছিল ১ হাজার ৬৪২ জন এবং ২০১১ সালে ১ হাজার ৬৫১ জন।

বর্তমানে সারা দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ৯৬টি। তবে ২০১৫ সালে ছিল ৮৫টি।

ইউজিসির প্রতিবেদন বলছে, ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ৯৫৫ জনই পড়েছেন চট্টগ্রামে অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। তাঁরা সবাই এমবিবিএসে পড়েন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১৪০ জন), তৃতীয় অবস্থানে আছে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (৯১ জন)। চতুর্থ অবস্থানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (৮৩ জন) এবং পঞ্চম অবস্থানে আছে চট্টগ্রামে অবস্থিত পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (৭২ জন)।

ইউজিসির প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে ৩৬টি দেশ থেকে এ দেশে শিক্ষার্থী এসেছেন। তাঁরা ৩৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ।

সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী: বর্তমানে সারা দেশে সরকারি বিশ্ববিদ্যালয় আছে ৩৮টি। ইউজিসির প্রতিবেদন বলছে, ২০১৫ সালে দেশের ১৮টি সরকারি বিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল ৫৯৩ জন, যা ২০১৪ সালে ছিল ৪৩২ জন। এই হিসাবে এক বছরের ব্যবধানে সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী বেড়েছে ১৬১ জন। আগের বছর ২০১৩ সালে সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল ৩২৬ জন। তবে ২০১২ সালে ছিল ৫২৫ জন। সরকারি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির বিষয়টি ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়েছে ইউজিসির প্রতিবেদনে।