বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিন সেমিস্টারই সংগতিপূর্ণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দুই সেমিস্টারের চেয়ে তিন সেমিস্টার পদ্ধতিতে পাঠদান শিক্ষার্থীর জন্য বেশি সহায়ক বলে মত দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিরা। তাঁরা বলেছেন, দুই সেমিস্টার পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষাব্যয় বহন করা কষ্টকর হবে। এতে পড়াশোনা থেকে ঝরে পড়ার আশঙ্কা বাড়বে।
ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে গত রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় ট্রাস্টিরা এই মত দেন। তাঁদের মতে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশির ভাগ নির্দিষ্ট আয়ের পরিবার থেকে আসা। অনেকে নিজেদের শিক্ষাব্যয় বহনের জন্য প্রাইভেট টিউশন, খণ্ডকালীন চাকরি বা অর্থ উপার্জনক্ষম পেশায় নিয়োজিত হন। ফলে দুই সেমিস্টার পদ্ধতি থাকলে শিক্ষাব্যয় বহন করা তাঁদের জন্য কষ্টকর হবে।
সভায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের পাঠানো একটি লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন এতে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি