বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীদের ভর্তির সুযোগ সৃষ্টি করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, দরিদ্র শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেলে সামাজিক বৈষম্য বাড়বে। রাষ্ট্রপতি গতকাল বুধবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।রাষ্ট্রপতি বলেন, সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ থাকতে হবে। অন্যথায় সামাজিক বৈষম্য বেড়ে যাবে এবং শিক্ষা একটি পণ্যে পরিণত হবে। অনুষ্ঠানে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুম সমার্বতন বক্তা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য নূরুল ইসলাম ও জনসেবা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলামও বক্তব্য দেন।রাষ্ট্রপতি বলেন, শিক্ষা-প্রতিষ্ঠানগুলো হচ্ছে অলাভজনক, মানবিক, সেবাধর্মী এবং মানবসম্পদ তৈরির একটি জাতীয় প্রতিষ্ঠান। এ জন্য উচ্চশিক্ষার প্রতিষ্ঠান যেন বাণিজ্যিক সংস্থায় পরিণত না হয়, তা নিশ্চিত করতে হবে।রাষ্ট্রপতি দেশের অর্থনীতি এবং সমাজের সঙ্গে সংগতি রেখে শিক্ষার্থীদের প্রদেয় বেতন ও আনুষঙ্গিক ব্যয় (টিউশন ফি) যৌক্তিকভাবে নির্ধারণের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। জিল্লুর রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে জাতীয় উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের উপযোগী মানবসম্পদ তৈরির সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে মেধা বিকাশ ও মানবসম্পদ তৈরির মৌলিক প্রতিষ্ঠান। মানবসম্পদ কেবল জাতীয় সম্পদ নয়, আন্তর্জাতিক সম্পদও, এ কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ জন্য জাতীয় উন্নয়নের লক্ষ্য সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মানবসম্পদের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির মাধ্যমে মানবসম্পদ সৃষ্টিতে উচ্চশিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, উচ্চশিক্ষার মান মূলত গুণগত শিক্ষার ওপর নির্ভরশীল। মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট গাইয়ুম তাঁকে সমাবর্তনে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে জাতীয় অধ্যাপক নূরুল ইসলামকে ধন্যবাদ জানান। গাইয়ুম বাংলাদেশে তাঁর ছয়বার সফরের কথা উল্লেখ করে বলেন, সব সময় তিনি এ দেশের মানুষের কাছে সমাদৃত হয়েছেন। তিনি বলেন, মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। তাঁর ৩০ বছরের শাসনামলে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক জোরদার হয়েছে।