বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে ব্যাংকের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে সরকারি একজন পর্যবেক্ষক রাখার বিধান অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এই পর্যবেক্ষক বিশ্ববিদ্যালয়টির অনিয়মের বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দেবেন।
গতকাল রোববার ইউজিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধ্যাপক আবদুল মান্নান।
পরে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী প্রথম আলোকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষরা, যাঁদের সরকার নিয়োগ দিয়ে থাকে। এ ছাড়া সিন্ডিকেটে ইউজিসি ও সরকারের প্রতিনিধি থাকেন। একাডেমিক কাউন্সিলেও ইউজিসির প্রতিনিধি থাকেন। এতজন থাকার পরও পর্যবেক্ষক নিয়োগ দিয়ে উদ্দেশ্য সিদ্ধ হবে বলে তিনি মনে করেন না।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন প্রথম আলোকে বলেন, সিন্ডিকেটসহ বিভিন্ন কমিটিতে সরকারের প্রতিনিধি থাকার পরও ট্রাস্ট্রি বোর্ডে সরকারের পর্যবেক্ষক দেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।
গতকাল সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ সোমবার সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করবেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে। মূলত এই কর্মসূচির কথা জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সেখানে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে।
সংবাদ সম্মেলনে ইউজিসির চেয়ারম্যান বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারক করতে ইউজিসির সদস্য আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অনেকটা জুড়েই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন ও উত্তর পর্ব চলে। আবদুল মান্নান বলেন, এর আগে ইউজিসি সার্বিক বিষয় তদন্ত করতে গিয়ে নর্থ সাউথের লাইব্রেরিতে কিছু বই পেয়েছিল, যেগুলো নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের, যা থাকা উচিত নয়। সেই তদন্তে বিশ্ববিদ্যালয়টির আর্থিক অনিয়মের বিষয়ও ছিল। এসব বিষয় সন্নিবেশিত করে গত অক্টোবরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়া হয়। মন্ত্রণালয় ডিসেম্বরে এক মাসের সময় দিয়ে জানুয়ারিতে জবাব দিতে বলেছিল। কিন্তু তারা গত ১৪ জুলাই জবাব দিয়েছে অত্যন্ত দায়সারাভাবে।
গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর ইউজিসির একটি প্রতিনিধিদলের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান বলেন, আগের প্রতিবেদন ফলোআপ করার জন্যই যাওয়া। সেখানে অনেক কাগজপত্র চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে দিতে পারেনি। এক মাস পর দেবে।
সংবাদ সম্মেলনে ইউজিসির সদস্যরা উপস্থিত ছিলেন।