বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন বাস্তবতা। ফলে উচ্চশিক্ষা নিয়ে ভাবতে হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রথম আলোর পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ইতিবাচক সব কাজে সহযোগিতা দেওয়া হবে।
গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রথম আলোর উদ্যোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের সঙ্গে প্রীতিসম্মেলন ও মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তারা এতে অংশ নেন।
সভায় জনসংযোগ কর্মকর্তাদের পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংবাদ প্রচার ও বিজ্ঞাপনের বিষয়ে সহযোগিতা চাইলে প্রথম আলোর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। জনসংযোগ কর্মকর্তারা বলেন, প্রথম আলোয় একটি খবর বা বিজ্ঞাপন প্রচার হলে যে সাড়া তাঁরা পান, তা অন্য গণমাধ্যমে পান না।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে বিতর্ক অনুষ্ঠান, মাদকবিরোধী প্রচারণা, অদম্য মেধাবীদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ তৈরি করা, বন্ধুসভা গঠন, চাকরি মেলা করা, উপাচার্যদের সঙ্গে গোলটেবিলের আয়োজন করাসহ বেশ কিছু প্রস্তাব দেন। এসব বিষয়ে জনসংযোগ কর্মকর্তারা একমত হন। দুই পক্ষ মিলে এসব বিষয় চূড়ান্ত করা হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে প্রথম আলো সম্পাদক বলেন, ‘বাংলাদেশের সব ক্ষেত্রে আমরা জয় দেখতে চাই। এ জন্য আমাদের চিন্তা বদলাতে হবে।’
জনসংযোগ কর্মকর্তাদের পক্ষ থেকে বক্তৃতা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের লুৎফর রহমান, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মামুনুল মতিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মো. আনোয়ার হাবিব, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সোফা সাদিয়া, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সোহেল ইকবাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আবু সাদাত, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি-বাংলাদেশের আমিনুল হক, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি-বাংলাদেশের সাইফুল হান্নান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বেলাল আহমেদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এস এম মহিউদ্দিন, ইস্টার্ন ইউনিভার্সিটির মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শেখ রুহুল আমীন, বাংলাদেশ ইউনিভার্সিটির সোহেল আহসান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের হাসিনা সুলতানা এঞ্জেল প্রমুখ।
প্রথম আলোর মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও আনিসুল হক।