বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি নিয়ন্ত্রণে আইন সংশোধন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান। শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে প্রশ্নের জবাব দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
সরকারি দলের এম আবদুল লতিফের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে জানানো হয়, আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশের আর্থসামাজিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফি কাঠামো প্রস্তুত করার কথা বলা আছে। কিন্তু তারা যার যার মতো করে বিভিন্ন খাতে অর্থ আদায় করছে, যা সবার জন্য উচ্চশিক্ষা নিশ্চিতকরণের পথে অন্যতম অন্তরায়। বিষয়টি অনুভব করলেও বিদ্যমান আইনে এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিকার নিশ্চিত করার সুযোগ নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অর্থ আদায়-সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের একটি সমীক্ষা হওয়া দরকার। গুরুত্ব বিবেচনা করে এ বিষয়ে মতবিনিময়ও করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর কতিপয় ধারা সংশোধনের জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির একটি উপকমিটি গঠন করা হয়েছে। এ পর্যায়ে আলোচ্য বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বহন করা শিক্ষার্থীদের জন্য সহনীয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাক্-প্রাথমিক স্তরের দুটি বইয়ের ওজন ৫১২ গ্রাম, প্রথম শ্রেণির তিনটি বইয়ের ৫২৫ গ্রাম, দ্বিতীয় শ্রেণির তিনটি বইয়ের ৫২৫ গ্রাম, তৃতীয় শ্রেণির ছয়টি বইয়ের ১ কেজি ১৫৬ গ্রাম, চতুর্থ শ্রেণির ছয়টি বইয়ের ১ কেজি ৩৫০ গ্রাম এবং পঞ্চম শ্রেণির ছয়টি বইয়ের ১ কেজি ৫০৪ গ্রাম।
পাঠ্যবইয়ের সংখ্যা কমানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বাড়ানো বা কমানোর বিষয় কারিকুলাম পরিবর্তন-পরিমার্জন সম্পর্কিত। কারিকুলাম সংশোধনের বিষয়টি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) প্রক্রিয়াধীন রয়েছে। বই বাড়ানো/কমানো বিষয়ে এনসিটিবি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে।
জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তকে ভুলভ্রান্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ইতিমধ্যে এনসিটিবির কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। বিস্তারিত প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, ভুলের জন্য দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রশ্নোত্তরের আগে বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।