বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে জাতীয় অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে সরকার শিগগির একটি জাতীয় অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করবে। গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়া বন্ধ করা তিনটি বিশ্ববিদ্যালয় আদালতের স্থগিতাদেশ নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। ৫১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র নয়টি নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় যেসব বিশ্ববিদ্যালয় সনদ গ্রহণে ব্যর্থ হয়েছে, তাদের ২০১১ সালের সামার সেমিস্টারের মধ্যে আইনের শর্ত পূরণ করে সনদ অর্জন করতে হবে। ব্যর্থ হলে এসব বিশ্ববিদ্যালয় চলতি বছরের সেপ্টেম্বর থেকে নতুন করে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।সাধনচন্দ্র মজুমদারের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যোগ্য শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গঠন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এ কমিশন গঠনের রূপরেখা প্রণয়নের কাজ করছে। অচিরেই এ কমিশন গঠন করা হবে। জুনাঈদ আহমেদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংসদ কার্যকরের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।নওয়াব আলী আব্বাস খানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সরকারের অনুমোদন নিয়ে গ্রামাঞ্চলে কোনো ব্যক্তি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করলে নীতিমালা অনুযায়ী সেই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও দেওয়া হবে। মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে শিক্ষা আইন না থাকায় জাতীয় শিক্ষানীতির বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে নানা সমস্যা হচ্ছে। এ জন্য সরকার দ্রুত একটি আইন প্রণয়ন করবে। এই আইন প্রণয়নে শিক্ষাসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি শিগগির আইনের খসড়া মন্ত্রণালয়ে জমা দেবে।শাহ আলমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, এ বছর প্রতিটি নির্বাচনী এলাকায় তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। এইচ এম গোলাম রেজা হাবিবের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের ২২৫টি, সহকারী প্রধান শিক্ষকের ৪২৩টি এবং সহকারী শিক্ষকের দুই হাজার ৯৮টি পদ শূন্য রয়েছে।ওয়ারেসাত হোসেন বেলালের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে ৬৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে। মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি জানান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এবং বিভাগীয় সদরে একটি করে মহিলা টেকনিক্যাল স্কুল স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান জানান, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ধলেশ্বরী-সিঙ্গাইর স্যাটেলাইট সিটি নির্মাণের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ একটি প্রকল্প প্রণয়ন করেছে। প্রকল্পটি বাস্তবায়নে বেসরকারি বিনিয়োগকারী নির্বাচনের বিষয়টি প্রক্রিয়াধীন। বিনিয়োগকারী নির্বাচিত হওয়ার পর বাস্তবায়নকাজ শুরু হবে।