সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী হাবিবুর রহমান হাবিব হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এবার মানববন্ধন করেছেন সিলেটের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল রোববার বেলা ১১টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়। এতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস একাত্মতা প্রকাশ করে বক্তৃতা করেন।
উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকে আমি তোমাদের আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি। কাজী হাবিব আমার সন্তান, যারা হত্যা করেছে, আমি সন্তানের মৃতদেহ আমার কাঁধে নিয়ে তোমাদের দরবারে এসেছি। আমি হত্যাকারীদের বিচার চাই। আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, আমার ইউনিভার্সিটির সাড়ে চার হাজার শিক্ষার্থী আমার সন্তানের মতো। তাঁদের শিক্ষাজীবন যাতে নষ্ট না হয়, এ জন্য কাজী হাবিব হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।’