বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ হিযবুত তাহ্রীরের ৯ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নয়জন হিযবুত তাহ্রীর সদস্যকে গতকাল রোববার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে জানান, গতকাল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ৬ নম্বর সড়কের ২০৮ নম্বর বাসা থেকে ওই নয়জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে। তাঁরা ওই বাসায় জরুরি গোপন সভা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।ওসি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বেসরকারি স্টেট ইউনিভার্সিটির শিক্ষক মো. রাকিব, উত্তরার প্রিমিয়ার স্কুলের শিক্ষক মাহাবুব আলম, দক্ষিণখানের ইন্টারন্যাশনাল লারনার স্কুলের শিক্ষক নূর ইসলামসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নয়জন ছাত্র। বাকিরা হলেন আরিফুজ্জামান মনি, আবদুল্লাহ আল মাসুদ, নাসিরউদ্দীন আবু তারেক, ইমতিয়াজ সেলিম, আমানুর রশীদ ও নাজমুল হোসেন সরকার।ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, এদের (হিযবুত তাহ্রীরের) এখন সাংগঠনিক কোনো কাঠামো নেই। মুঠোফোনে যোগাযোগের পর কোনো এক জায়গায় হঠাৎ তারা সভা করে।