বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী ক্যাম্পাস ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) শিক্ষার্থীরা গতকাল বুধবার নগরের খুলশির প্রধান সড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিবিএ বিভাগের নিচে একটি শপিং মলে ভাঙচুর করেন। এ ঘটনায় ২৫ জনকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইউআইটিএসের কিছু শিক্ষার্থী মূল ক্যাম্পাসের কাছাকাছি ‘খুলশি মার্ট’ নামের একটি শপিং মলের সামনে বসে কথা বলছিলেন। ওই শপিং মলের তৃতীয় তলায় ইউআইটিএসের বিবিএ বিভাগ। এ সময় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. ইকরাম শিক্ষার্থীদের শপিং মলের সামনে থেকে সরে যেতে বলেন। এর পরও একজন ছাত্র সরে না যাওয়ায় তিনি চড় মারেন বলে অভিযোগ পাওয়া যায়। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে অন্য শিক্ষার্থীরা সেখানে ছুটে আসেন এবং প্রধান নির্বাহীকে ক্ষমা চাইতে বলেন। পরে ওই কর্মকর্তা ক্ষমা চাইলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। কাজী মো. ইকরাম ইউআইটিসির কোনো ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাত্ররা আমাদের মলে ব্যাপক ভাঙচুর করেছেন।’ প্রত্যক্ষদর্শীরা জানান, শপিং মলের ঘটনার রেশ কাটতে না কাটতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আকস্মিকভাবে বেলা ১১টায় সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে স্লোগান দেন। দাবির মধ্যে রয়েছে: স্থায়ী ক্যাম্পাস, উন্নতমানের ল্যাবসুবিধা, কমন রুম, ক্যানটিনসুবিধা, অভিজ্ঞ শিক্ষক নিয়োগ, প্রতিটি বিভাগের আলাদা ডিন ও রেজিস্ট্রারের পদত্যাগ ইত্যাদি। শিক্ষার্থীরা বেলা তিনটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। অবরোধের কারণে সড়কের দুই দিকে শত শত গাড়ি আটকা পড়ে।বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই শপিল মলে ভাঙচুর করে। একপর্যায়ে শপিং মলের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করা হবে। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেই তাঁরা ক্লাসে ফিরে যাবেন। গতকাল দুপুরে খুলশি মার্টে গিয়ে দেখা যায়, বিপণিকেন্দ্রটি বন্ধ। রাস্তায় ছড়িয়ে আছে ভাঙা কাচের টুকরো। ভাঙচুরের সময় ভেতরে আটকা পড়া কয়েকজন শিক্ষার্থীকে বিপণিকেন্দ্রটির কর্মচারীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘কয়েক দফায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খুলশি মার্টের কর্মচারীদের সঙ্গেই বিরোধের সূত্রপাত। সেখানে এবং ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বিদেশ থেকে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’ খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘ভাঙচুরের ঘটনায় ২৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কয়জন শিক্ষার্থী তা যাচাই-বাছাই করা হচ্ছে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।