চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে অবস্থিত বেসরকারি গোবিন্দ গুণালংকার বৌদ্ধ ছাত্রাবাস কাল শনিবার খুলে দেওয়া হবে। ১২ জুলাইয়ের সংঘর্ষের ঘটনায় ছাত্রাবাস থেকে নয়জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাত্রাবাস পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। ছাত্রাবাসটিতে কেবল বৌদ্ধধর্মাবলম্বী ছাত্ররা থাকেন। ১২ জুলাই আদিবাসী ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৩ জুলাই ছাত্রাবাস কর্তৃপক্ষ সেটি বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।বহিষ্কৃত ছাত্ররা হলেন: সুদেব চাকমা, প্রীতম চাকমা, অনিল চাকমা, মিলন চাকমা, সীমন চাকমা, সোহেল চাকমা, রুবেল চাকমা, রাতুল চাকমা ও সুইনথন চাকমা।ওই ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এবং এ-সংক্রান্ত তদন্ত কমিটির সদস্য অলোকেশ বড়ুয়া জানান, তদন্তে এসব শিক্ষার্থীর বিরুদ্ধে মারামারির অভিযোগের প্রমাণ পাওয়া গেছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের শিক্ষক ও ছাত্রাবাস পরিচালনা কমিটির সভাপতি জিনবোধি ভিক্ষু জানান, শনিবার ছাত্রাবাস খুলে দেওয়া হবে। তবে ছাত্রাবাসে উঠতে হলে ছাত্রদের এখন থেকে অঙ্গীকারনামা দিতে হবে। তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নয়জন ছাত্রকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।